আগামী বিধানসভা ভোটে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
.jpeg.webp)
নওসাদ সিদ্দিকী ও শওকত মোল্লা।
শেষ আপডেট: 11 June 2025 19:59
দ্য ওয়াল ব্যুরো: আগামী বিধানসভা ভোটে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে (Nawsad Siddiqui) না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা(Saokat Molla)। যার জবাবে বুধবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন নওসাদ।
এদিন বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নওসাদ বলেন, "শওকত মোল্লার মতো চুনোপুটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তবে প্রসঙ্গ যখন উঠেছে তখন একটা কথা বলে রাখি, ২৬ সালের বিধানসভা ভোটের পর তৃণমূল দলটাই থাকবে কিনা, সেটাই দেখার বিষয়।"
তৃণমূলে যোগ দিয়েই ভাঙড়ের বিধায়ক (Bhangor MLA) নওসাদ সিদ্দিকীর (Nawsad Siddiqui) ভাই কাশেম সিদ্দিকী রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। তারপরই নওসাদকে আক্রমণ করে শওকত বলেছেন, ''নওসাদ নিজের পরিবারের লোকদের ধরে রাখতে পারছেন না। আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন। ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে তো পালিয়ে গেছিল। ২০২৬-এ ভাঙড়েও গো-হারা হারাব।''
যার জবাবে নওসাদ বলেন, "২৬ সালের ভোটটা মিটতে দিন। তারপর তৃণমূলের আরও অনেকের মতো শওকতেরও জায়গা হবে তিহাড় জেলে। ওকেও তিহাড়ের জেলের ভাত খেতে হবে।"
একই সঙ্গে শওকতের উদ্দেশে্ নওসাদের প্রশ্ন, "আমাকে হারানোর এত বাসনা কেন? আমার লড়াই তো ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে, আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে। শওকত যদি বাংলার এতই ভাল চান, তাহলে একবারও শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছে না কেন? উনি তো কথায় কথায় হিন্দু মুসলমানের বিভেদ তৈরি হয়ে যাবে বলে বেড়াচ্ছেন। তার বেলায় শওকতরা চুপ কেন?" এখন দেখার জবাবে শওকত কী বলেন।