সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ওই তিনদিন বিকল্প হিসেবে কোন পথে যান চলাচল করা যাবে তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 11 June 2025 20:16
দ্য ওয়াল ব্যুরো: সংস্কারের কাজ হবে, তাই টানা তিনদিন ভোরবেলা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা ও হাওড়াকে সড়কপথে যুক্ত করতে এই সেতুর ভূমিকা অন্যতম (Vidyasagar Setu May Shut Down soon)।
তাই সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ওই তিনদিন বিকল্প হিসেবে কোন পথে যান চলাচল করা যাবে তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ থেকে ১৫ জুন ভোর ৪:৩০ থেকে সকাল ৭:৩০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

বিকল্প হিসেবে কলকাতা পুলিশের তরফে চারটি রুটের কথা উল্লেখ করা হয়েছে। এগুলি হল- এজেসি বসু রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত পশ্চিমমুখী গাড়ি – টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জ গেট রোড - স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। জওহরলাল নেহরু দ্বীপ (J&N Island) দিক থেকে খিদিরপুর রোড হয়ে আসা গাড়ি – ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সিজিআর রোড হয়ে পূর্বমুখী গাড়ি, যারা বিদ্যাসাগর সেতুতে উঠতে চায় – হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে সেন্ট জর্জ গেট রোড হয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। যেসব গাড়ি ঘোড়া পাসের Y-Point দিয়ে বিদ্যাসাগর সেতু ধরতে চায়, তাদের কেপি রোড হয়ে ১১ ফার্লং গেট হয়ে রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। এছাড়াও প্রয়োজনে যান চলাচল বিভিন্ন বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।