খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী।

উত্তপ্ত মহেশতলা।
শেষ আপডেট: 11 June 2025 21:20
দ্য ওয়াল ব্যুরো: দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। জখম একাধিক পুলিশ কর্মী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহেশতলায় (Maheshtala)। ঘটনায় এপর্যন্ত ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন সন্ধেয় ওই এলাকা পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোকান বসানোকে কেন্দ্র করে এদিন সন্তোষপুর এলাকায় গোলমালের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী। এদের মধ্যে এক মহিলা পুলিশ কর্মীর আঘাত গুরুতর।
পুলিশ সূত্রের খবর, ফলের দোকান বসানোকে কেন্দ্র করে এদিন সন্তোষপুর এলাকায় একাংশ ব্যবসায়ীর মধ্যে গোলমাল হয়। বচসা থেকে তা হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশের ওপরেও চড়াও হয় উন্মত্ত জনতার একাংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ-সহ পুলিশের শীর্ষকর্তারা। ফের পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। পাল্টা হিসেবে পুলিশ মৃদু লাঠিচার্জও করে। এমনকী রবীন্দ্রনগর থানার সামনে একটি বাইকেও আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দিচ্ছে পুলিশের বিশাল বাহিনী।