ঘটনার সূত্রপাত, স্বাধিকার ভঙ্গের নোটিস প্রসঙ্গে মঙ্গলবারই শুভেন্দু দাবি করেছিলেন, "যা বলেছি, বেশ করেছি। যা করার আছে করে নিক।"

বিমান বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 11 June 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ (Violation of Rights) এনেছিলেন শাসকদলের বিধায়করা। এদিন সেই অভিযোগ বিধানসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যেপাধ্যায় (Speaker, Biman Banerjee)। সেই সঙ্গে বিরোধী দলনেতার আচার আচরণ নিয়েও বড় প্রশ্ন তুলেছেন স্পিকার।
এদিন শুভেন্দুকে নিশানা করে স্পিকার বলেন, "যে যা খুশি বলে যাবে, বিধানসভাটা বাজারি বক্তৃতা করার জায়গা না। আগেও বিরোধী দলনেতা অনেক দেখেছি, তবে এরকম আচরণ আগে কখনও দেখিনি।"
এদিন নতুন করে শুভেন্দুকে স্পিকারের নিশানা করার কারণ কী? ঘটনার সূত্রপাত, স্বাধিকার ভঙ্গের নোটিস প্রসঙ্গে মঙ্গলবারই শুভেন্দু দাবি করেছিলেন, "যা বলেছি, বেশ করেছি। যা করার আছে করে নিক।"
এদিন নোটিস জারির পর শুভেন্দু সরাসরি ফের মুখ্যমন্ত্রী এবং স্পিকারকে আক্রমণ করেন। বিরোধী দলনেতা বলেন, "কী নোংরা ভাষা, হাম্পিং, ডাম্পিং লায়ার! বিধানসভার ভিতরে তো অশালীন শব্দ ব্যবহার করা যায় না! অথচ মুখ্যমন্ত্রী এই ধরনের শব্দ ব্যবহার করলেন।"
একই সঙ্গে স্পিকারকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, "এই স্পিকারের মাজা আছে নাকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার। ও বারুইপুরের মুসলিম ভোটে জিতেছে। ২৬ সালেহিন্দুপাড়ায় দাঁড়াক। ওনাকে এলাকার লোক ভোটে কাপড় কাচার মত কাচবে।"
এ ব্যাপারে জানতে চাওয়া হলে স্পিকার বলেন, "আমি এই ধরনের কোনও কথা শুনিনি। এ নিয়ে কোনও মন্তব্য করব না।" এরপরই বিধী দলনেতা হিসেবে শুভেন্দুর আচার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন স্পিকার।