তাঁর সংযোজন, এইভাবে এনআরসি নোটিসও ধরিয়ে দেবে, কিন্তু রাজ্য সরকার তা মানবে না বলে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 7 August 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: ভোটার লিস্ট (Voter List) ইস্যুতে ফের একবার রাজ্যবাসীকে সতর্ক করার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়গ্রামের (Jhargram) সভা থেকে তিনি বলেন, 'কেউ যদি ফর্ম ফিলাপ করতে বলে, না জেনে করবেন না। ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যেতে পারে।' তাঁর সংযোজন, এইভাবে এনআরসি নোটিসও ধরিয়ে দেবে, কিন্তু রাজ্য সরকার তা মানবে না বলে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে থেকেই ফের একবার ভোটার লিস্ট (Voter List), এনআরসি (NRC) ইস্যুতে মুখ খোলেন তিনি। বিজেপি, নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, ''আমি জানি না এটা আমার বলা ঠিক কিনা, তবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে। শুধু এপিক কার্ড থাকলেই আর হবে না, নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে। কারণ নিয়ম পাল্টে দিয়েছে। ভোটার লিস্টে নাম আছে কিনা, আগে তালিকা দেখলেই হবে না। নতুন করে ক্রস চেক করতে হবে।''
এই ইস্যুতে নাম না করে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতার প্রশ্ন - যারা আইন করছে তাদের সব নথি, তথ্য আছে তো? তাঁর কটাক্ষ, 'ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। তাঁরা কী করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা?' এর পাশাপাশি বাংলা ভাষা ইস্যুতেও ফের এদিন সরব হন তিনি। আবারও প্রশ্ন করেন, 'বাংলা ভাষা বলে কোনও ভাষা না থাকলে কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা?'
বিগত কয়েক মাসে একাধিক রাজ্যে বাংলা ভাষী মানুষের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে সরব হয়েছেন, মিটিং-মিছিল করেছেন। ঝাড়গ্রামের সভা থেকেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, বাংলার প্রায় ২ হাজার মানুষের ওপর বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই বলা হচ্ছে রোহিঙ্গা। মমতার অভিযোগ, এখন অত্যাচার চলছে আর ভোটের সময় এসে বলবে , টাকা নাও, ভোট দাও।
এই পরিপ্রেক্ষিতেই আমজনতাকে সতর্ক করে তিনি 'পরামর্শ' দেন - সব দেবেন নিজের ঠিকানা, ভাষা, অস্তিত্ব দেবেন না। তাহলে সব চলে যাবে।