Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আমি না চাইলে হারাতে পারবেন না: ঝাড়গ্রামে অর্থবহ কথা মমতার

ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হুঙ্কার দিলেন বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে (Election Commission। বললেন, "আমি না চাইলে হারাতে পারবেন না।" নির্বাচনের আগেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

আমি না চাইলে হারাতে পারবেন না: ঝাড়গ্রামে অর্থবহ কথা মমতার

ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 6 August 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: “আমি না চাইলে হারাতে পারবেন না”— জঙ্গলমহলের জনসভা থেকে এভাবেই রাজনৈতিক প্রতিপক্ষ ও নির্বাচন কমিশনের (Election Commission) উদ্দেশে হুঙ্কার ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়গ্রামের (Jhargram) পাঁচমাথা মোড়ে আয়োজিত পথসভা থেকে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তাঁর স্পষ্ট বক্তব্য, "আমি জ্যান্ত বাঘ। আহত করতে এসো না। তাহলে ভয়ঙ্কর হয়ে উঠব!"

স্মৃতিচারণের মোড়কে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল ক্ষোভ ও প্রতিবাদের আগুনে জর্জরিত। বলেন, “আমি সিপিএমের গুলি খেয়েও বেঁচে গিয়েছি। মাথা ফাটানো হয়েছিল, শরীর জুড়ে রক্তারক্তি হয়েছিল। তোদের পিঁপড়ের মতো মারব, ভয় পাই না আমি!” বিজেপিকে নাম না করে উদ্দেশ করে তিনি বলেন, “আমি চাইলে তবেই হারাতে পারবে, আমি না চাইলে না। এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় না।”

বারুইপুর পূর্ব ও ময়না কেন্দ্রের দুই ইআরও-সহ মোট চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বলেন, “কমিশন অমিত শাহর দালালি করছে। বাংলা সহ্য করবে না এই অপমান। আমার অফিসারদের শাস্তি দিতে দেব না। ক্ষমতা থাকলে দেখাও!”

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশঙ্কা নিয়ে জনসাধারণকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটার লিস্টেই আপনার অস্তিত্ব। এখনই নাম তুলুন। শুধু তুললেই হবে না, ফাইনাল লিস্টেও দেখে নেবেন। বুথে গিয়ে যেন না বলেন— ‘নামই নেই।’” একইসঙ্গে এনআরসি নিয়ে পুরনো অভিযোগ পুনরাবৃত্তি করে বলেন, “অসম থেকে বাংলায় নোটিস পাঠিয়ে ভয় দেখাচ্ছে। সাহস তো কম নয়!”

সভামঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালের স্মৃতি টেনে আনেন। বলেন, “বেলপাহাড়িতে স্কুটার চালিয়ে গিয়েছিলাম। দেখেছিলাম, মানুষ পিঁপড়ে ও গাছের শিকড় সেদ্ধ করে খাচ্ছে। সেদিনই ঠিক করেছিলাম, ক্ষমতায় এলে এই পরিস্থিতি বদলাব। তাই চালু করেছিলাম ‘খাদ্যসাথী’। বাংলার একজন মানুষও যেন অভুক্ত না থাকে।”

মমতা বলেন, “বাংলায় কথা বললেই আজ বাংলাদেশি বলা হচ্ছে। রোহিঙ্গা বলছে। এটা বাংলা ভাষার উপর আক্রমণ।” সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তাঁর বার্তা— “জয় বাংলা বলুন। প্রতিবাদ করুন। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়ব না। ভোটার কার্ড কেবল কার্ড নয়, এটা আপনার অস্তিত্বের প্রমাণ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তৃতা ছিল সরাসরি ২০২৬-র বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ঘোষণা। আগের মতোই ঝাঁঝালো ভাষায়, আক্রমণাত্মক ভঙ্গিতে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দেন মমতা। বলেন, “আমি যেদিন নিজে মনে করব, সেদিন হঠাতে পারবেন। না হলে, আপনার লোকেরাও আমাকে ভোট দেবে।”

সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মমতার আশ্বাস, “আপনারা মানুষের কাজ করেন। আপনাদের রক্ষা করার দায়িত্ব আমার। ওরা ভয় দেখাবে, কিন্তু কিছু করতে পারবে না। বাংলায় ভোট করানোর নামে অত্যাচার চলবে না।”

বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রীর কথাকে ‘আত্মবিশ্বাসহীনতার চূড়ান্ত প্রকাশ’ বলে মন্তব্য করেছে। সুকান্ত মজুমদার বলেন, “পিঁপড়ে মারার হুমকি দিয়ে উনি প্রমাণ করে দিলেন, ওঁর ভিত কতটা দুর্বল হয়ে গেছে।”


```