নিজেকে যিশুখ্রিস্টের আদলে তুলে ধরে চরম বিতর্কে ডোনাল্ড ট্রাম্প! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবি ঘিরে শুরু তীব্র সমালোচনা।

সেই বিখ্যাত পোস্ট
শেষ আপডেট: 14 April 2026 08:58
দ্য ওয়াল ব্যুরো: নিজেকে যিশুখ্রিস্টের রূপে দেখানো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সেই ছবি মুছে ফেলতে বাধ্য হন তিনি। ধর্মীয় নেতাদের একাংশ এই পোস্টকে ‘নিন্দনীয়’ ও ‘ধর্মবিদ্বেষী’ বলে কড়া ভাষায় আক্রমণ করেন।
ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে। ট্রাম্পের নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা ওই কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবিতে দেখা যায় লাল-সাদা পোশাকে এক অসুস্থ ব্যক্তির কপালে হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি। তাঁর হাত ও মাথা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। পেছনে উড়ছে আমেরিকার পতাকা, আর চারপাশে থাকা মানুষজন তাঁকে শ্রদ্ধাভরে দেখছেন। সোমবারের মধ্যেই সেই ছবি সরিয়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, তিনি নিজেকে যিশুর সঙ্গে তুলনা করতে চাননি। বলেন, “আমি ভেবেছিলাম ছবিটায় আমাকে ডাক্তারের মতো দেখাচ্ছে, রেড ক্রসের মতো কাজ করছি। মানুষের সুস্থ করে তোলাই তো উদ্দেশ্য। আমি মানুষের ভাল করি, সকলের ভাল চাই সবসময়।”
তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকেই। বিশেষ করে তাঁর ঘনিষ্ঠ সমর্থক হিসেবেই পরিচিত একাধিক রক্ষণশীল খ্রিস্টান নেতা সরব হয়েছেন এনিয়ে। এক বিশিষ্ট সাংবাদিক সরাসরি প্রশ্ন তোলেন, ট্রাম্প মজা করতে চেয়েছিলেন, না কি অন্য কোনও প্রভাবের মধ্যে ছিলেন, তা আগে বুঝতে হবে। তাঁর দাবি, “এটা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে পোস্টটি সরিয়ে ক্ষমা চাওয়া উচিত।”
এর আগেও ট্রাম্প ধর্মীয় প্রতীক ব্যবহার করেছেন। ২০২৩ সালে একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলার সময় আদালতে যিশুর পাশে বসে থাকা একটি স্কেচ তিনি শেয়ার করেন। এমনকি তাঁর ঘনিষ্ঠ পরামর্শদাতারাও মাঝে মাঝে তাঁকে যিশুর সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি হোয়াইট হাউসে এক ইস্টার অনুষ্ঠানে তাঁর আধ্যাত্মিক উপদেষ্টা তাঁকে যিশুর জীবনের ঘটনার সঙ্গে মিলিয়ে দেখান।
বিশ্লেষকদের মতে, এই ধরনের পোস্ট তাঁর সমর্থক মহলের মধ্যেই বিভাজন তৈরি করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অস্বস্তি বাড়ছে। তবে অনুগত সমর্থকদের বড় অংশ এখনও তাঁর পাশে রয়েছেন বলেই মত।
সব মিলিয়ে, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই ফের বিতর্কের কেন্দ্রে ট্রাম্প।