আদালতে তোলা হলে অভিযুক্তের চার দিনের পুলিশ হেফাজতের (Mehbub Mallik arrest police custody) নির্দেশ দেন বিচারক।

শেষ আপডেট: 23 December 2025 07:25
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে হেনস্থা হতে হয়েছে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty harassment case)। সেই অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার হলেন স্কুল মালিক মেহবুব মল্লিক - যিনি তৃণমূল নেতাও বটে। আগেই ভগবানপুর (Bhagabanpur incident) থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তারপর আদালতে তোলা হলে অভিযুক্তের চার দিনের পুলিশ হেফাজতের (Mehbub Mallik arrest police custody) নির্দেশ দেন বিচারক।
ঘটনার জেরে ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে।
অভিযোগ, শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। অনুষ্ঠান চলাকালীন ‘জাগো মা’ গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে উঠে মঞ্চে আসেন মেহবুব মল্লিক। শিল্পীর অভিযোগ, গান থামিয়ে তাঁকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্ত। এমনকি মারধরের চেষ্টাও করা হয়।
লগ্নজিতা চক্রবর্তীর বক্তব্য, সাত নম্বর গান 'জাগো মা' শেষ হওয়ার পর তিনি অষ্টম গান শুরুর কথা বলছিলেন। সেই সময় অভিযুক্ত চিৎকার করে বলেন, “অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার একটু সেকুলার গান গা।” তুই-তোকারিও করা হয়। শিল্পী অভিযোগ জানান, তাঁকে অপমান ও হেনস্থা করা হয়েছে। এরপরই ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযুক্ত মেহবুব মল্লিক ওই বেসরকারি স্কুলের মালিক। তবে তাঁর পরিবারের দাবি, বিষয়টি আদতে পারিশ্রমিক সংক্রান্ত। মেহবুব মল্লিকের ভাই মাসুদ মল্লিকের বক্তব্য, ৪টেয় সময় দিয়েছিলেন লগ্নজিতা। ঠান্ডার কারণে দেরি হয়। এই নির্ধারিত সময়ের থেকে দেরিতে অনুষ্ঠান শুরু হওয়ায় শিল্পী অতিরিক্ত টাকা দাবি করেন। সেই দাবি মানা হয়নি। তাছাড়াও অন্য কোনও 'সেকুলার গান' যে গাইতে বলা হয়েছিল, সেটা তাঁদের কথায় উঠে আসে।
ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। এদিকে পুলিশ হেফাজতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুরো ছবিটা জানার চেষ্টা চলছে।