কুণাল ঘোষের পায়ের ফিবুলা ভাঙল! কোন হাড় এটি? কীভাবে ভাঙে? চিকিৎসাই বা কী?

কুণাল ঘোষ
শেষ আপডেট: 25 November 2025 23:39
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পায়ের ফিবুলা হাড় ভেঙেছে (Fibula Fracture)। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অপারেশন ঠিকঠাক। ফিবুলা ভেঙেছে। প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত হল। আপাতত পায়ের বিশ্রামের নির্দেশ। কোনও আমন্ত্রণ, অনুষ্ঠান বা কর্মসূচিতে আপাতত সরাসরি যেতে পারব না।”
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত কুণালের পূর্ণ বিশ্রাম প্রয়োজন। ফেসবুকে জানানোর পরেই রাজনৈতিক মহলে তাঁর আরোগ্য কামনা শুরু হয়েছে।
কৌতূহলের বিষয় হতে পারে, ফিবুলা হাড় ঠিক কোনটা, কী কাজ করে?
ফিবুলা হল হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসা একটি সরু হাড়, যা টিবিয়ার সমান্তরালে পায়ের বাইরের দিকে অবস্থান করে। এটি মূলত—গোড়ালিকে স্থিতিশীল রাখে, পায়ের নিচের দিকের পেশিগুলিকে সাপোর্ট দেয়, ভারী ওজন মূলত টিবিয়া বহন করলেও, ফিবুলা গোড়ালির নড়াচড়া এবং ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

<strong>ফিবুলা</strong>
ফিবুলা কীভাবে ভাঙে?
Hartford Hospital–এর Bone & Joint Institute–এর তথ্য অনুযায়ী—ফুটবল, সকার, বাস্কেটবলের মতো কনট্যাক্ট স্পোর্টে আঘাত লেগে ফিবুলা ভাঙতে পারে। তীব্র টুইস্ট বা গোড়ালি মচকানো, হরমোন বা পুষ্টির ঘাটতি—এসবেই ফিবুলা ভাঙার ঝুঁকি বাড়ে। তীব্র গোড়ালি মচকালেও তার অভিঘাত ফিবুলা ভেঙে দিতে পারে। বাথরুমে পড়ে গিয়ে কুণালের পা মচকেছে। তাতেই চোট পেয়েছেন ফিবুলায়।
কোথায় ভাঙল তার ওপরই চিকিৎসার ধরন নির্ভর করে
ফিবুলা হাড়ের কোন অংশে ভাঙন হয়েছে—এটাই চিকিৎসার মূল বিষয়। উপরের অংশে ফাটল (upper fibula fracture) হলে সাধারণত নিজে নিজে জোড়া লেগে যায়। নিচের অংশে ফাটল (near the ankle) হলে বেশি জটিল, বেশির ভাগ ক্ষেত্রেই সার্জারি প্রয়োজন। কুণাল ঘোষের ক্ষেত্রে চিকিৎসকরা প্লেট ও স্ক্রু দিয়ে হাড় স্থির করেছেন, যা আন্তর্জাতিক চিকিৎসা-প্রথার মানদণ্ড।
চিকিৎসা: কখন সার্জারি, কখন নয়
Hartford Hospital–এর মতে, যদি শুধু ফিবুলা ভাঙে এবং গোড়ালি জয়েন্টে প্রভাব না পড়ে, তবে ব্রেস বা প্লাস্টারেই চিকিৎসা সম্ভব। কিন্তু যদি গোড়ালির ভিতরের অংশে আঘাত থাকে বা ফাটল জায়গা থেকে সরে যায়, তবে অপারেশন করে প্লেট ও স্ক্রু বসানোই আদর্শ পদ্ধতি। প্লেট ও স্ক্রু সাধারণত রেখে দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে পরে অস্ত্রোপচারের মাধ্যমে তুলে ফেলা হয়—তবে এতে নতুন করে ভাঙার ঝুঁকিও থাকে।
ব্যথা কতটা হয়?
ফিবুলা পুরো দেহের ওজন বহন না করলেও (মাত্র এক–ষষ্ঠাংশ), ভাঙলে তীব্র ব্যথা হয়। অনেক সময় এটি একটি মারাত্মক গোড়ালি মচকানোর মতোই যন্ত্রণাদায়ক।
সুস্থ হতে কত সময় লাগে?
অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতে—প্রথম ৬ সপ্তাহ পায়ে কম বা চাপ না দেওয়াই বাঞ্ছনীয়। ১০–১২ সপ্তাহ: সুরক্ষিতভাবে হাঁটা দরকার। আরও ১ মাস সময় লাগে পুরো সেরে ওঠার জন্য। জলে পা ডুবিয়ে ব্যায়াম, রোইং, হালকা যোগাসন—এসব ব্যায়াম দ্রুত সেরে উঠতে সাহায্য করে।
এখন কুণাল ঘোষকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী চলতে হবে।
তথ্যসূত্র: Hartford Hospital, Bone & Joint Institute –Fractured Fibula: Causes, Treatment, Rehabilitation.