২০২৩ সাল থেকে ২ ব্যক্তি তাকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছেন এক উঠতি মডেল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 August 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনার রেশ এখনও কাটেনি। মানুষের মধ্যে চূড়ান্ত ক্ষোভ রয়েছে। তার মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ কসবায় (Kasba)! ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে লোকাল থানাতেও।
২০২৩ সাল থেকে ২ ব্যক্তি তাকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছেন এক উঠতি মডেল (Model)। পুলিশকে জানিয়েছেন, সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণ করা হয়েছে তাকে। সোমবার কসবার একটি হোটেলে নিয়ে গিয়েও ধর্ষণ করা হয়েছে বলেই পুলিশকে জানিয়েছেন তরুণী। আপাতত তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগকারিণীর বক্তব্য, টলিউডে কাজ দেওয়ার নামে কসবা এলাকায় একটি বাড়িতে অডিশনের নাম করে ডাকা হয়েছিল তাকে। কিন্তু দিনের পর দিন কোনও কাজ তো হয়নি, উল্টে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। মূলত ২ জন তাকে লাগাতর ধর্ষণ করে গেছেন বলে অভিযোগ তার। অভিযুক্তরা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বলেই দাবি তরুণীর। অভিযুক্ত হিসেবে নাম উঠে আসছে রাজর্ষি দে-র যিনি বাংলা সিনেমার একজন পরিচালক এবং রিকি, যিনি প্রযোজক। দুজনে একসঙ্গে কাজ করতেন। এমনকী এক ছবিতে দুজনে কাজও করেছেন।
সিনেমার জগতে কাস্টিং কাউচ নতুন ব্যাপার নয়। এক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন অনেকে। তবে পুলিশ এটাও খতিয়ে দেখছে, তরুণী যাদের ইন্ডাস্ট্রির লোক ভাবছেন, আদতে তারা সেই কাজেই যুক্ত কিনা। তরুণীকে শুরু থেকে মিথ্যে বলে তারা কলকাতায় এনেছিলেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।