রাতের কলকাতায় আবারও টাকা তোলার ঘটনা! অভিযোগ, হাওড়া ব্রিজে চলন্ত গাড়ি থামিয়ে চালকের থেকে ‘তোলা’ নিচ্ছিলেন দুই পুলিশ অফিসার।

ছবি ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 9 June 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক সময়ে রাজ্য তথা কলকাতা পুলিশের (Kolkata Police) ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। আরজি কর কাণ্ড থেকে শুরু করে প্রতিবাদী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের ঘটনা, সমালোচিত হয়েছে তাঁরা। এ সব বিতর্ক এখনও শান্ত হয়নি, তার মধ্যেই ফের একবার নিন্দার মুখে শহরের আইনরক্ষকরা। তোলা তুলতে গিয়ে (Extortion) এখন ভাইরাল দুই পুলিশ অফিসার (Police Officers)। ইতিমধ্যেই সাসপেন্ড (Suspend) করা হয়েছে তাঁদের।
রাতের কলকাতায় আবারও টাকা তোলার ঘটনা! অভিযোগ, হাওড়া ব্রিজে (Howrah Bridge) চলন্ত গাড়ি থামিয়ে চালকের থেকে ‘তোলা’ নিচ্ছিলেন দুই পুলিশ অফিসার। রবিবার গভীর রাতের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে (Video Viral in Social Media) দেখা যায়, হাওড়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে একটি প্রাইভেট গাড়িকে থামান দুই ট্রাফিক পুলিশ। গাড়ির চালকের সঙ্গে কথোপকথনের মাঝেই ক্যামেরাবন্দি হয় টাকার বিনিময়ের দৃশ্য। গোটা ঘটনা ক্যামেরা বন্দি করেছিলেন ওই গাড়িচালক। সেটাই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে লালবাজার। তদন্তে নেমে চিহ্নিত করা হয় অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে। সূত্রের খবর, তাঁরা উত্তর বন্দর ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। নর্থপোর্ট থানার ডিসি জানিয়েছেন, সোমবার সকালে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ সূত্রের দাবি, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলেই জানানো হয়েছে।
তবে এই ঘটনার জেরে ফের একবার পুলিশি নৈতিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। একের পর এক বিতর্কিত ঘটনায় যখন পুলিশের ভাবমূর্তি চরম চাপে, তখন শহরের মাঝখানে এমন ‘ঘুষ-তোলার’ ভিডিও প্রশাসনের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।