শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতার নর্থ পোর্ট থানা এলাকায় টহলদারি চালাচ্ছিলেন সাব-ইনস্পেক্টর পার্থ চাঁদ ও কনস্টেবল শুখেন্দু মাঝি।

নর্থ পোর্ট থানা
শেষ আপডেট: 8 June 2025 10:29
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতার নর্থ পোর্ট থানা এলাকায় টহলদারি চালাচ্ছিলেন সাব-ইনস্পেক্টর পার্থ চাঁদ ও কনস্টেবল শুখেন্দু মাঝি। সেই সময় এলাকায় প্রকাশ্যে নেশাগ্রস্ত অবস্থায় এক ফুল ব্যবসায়ীকে দেখে বাধা দেন তাঁরা। অভিযোগ, এরপরই পকেট থেকে ছুরি বার করে পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তি।
ছুরির আঘাতে গুরুতর জখম হন সাব-ইনস্পেক্টর পার্থ চাঁদ, আহত হন কনস্টেবল শুখেন্দুও। দু’জনকেই সঙ্গে সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন দু'জন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সুলতান। পেশায় ফুল ব্যবসায়ী হলেও মাঝেমধ্যেই এলাকায় নেশা করে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখা যেত তাকে। এক কনস্টেবলের দাবি, আগেও ওই এলাকাতেই হাতে লোহার রড নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল সুলতানকে।
শনিবারের ঘটনায় পুলিশ আরও জানিয়েছে, হামলার সময় এলাকায় উপস্থিত অন্য পুলিশকর্মীরা দৌড়ে এসে সুলতানকে চেপে ধরে আটক করে। এরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নর্থ পোর্ট থানার পক্ষ থেকে এই ঘটনায় একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে চেষ্টা করে খুন ও সরকারি কর্তব্যে বাধা দেওয়ার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।