বিস্ফোরণে কোন্টার এসডিপিও এবং স্টেশন হাউস অফিসার ছাড়াও একাধিক জওয়ানও আহত হয়েছেন বলে সূত্রের খবর।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 June 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে (Chhattishgarh) বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে মাওবাদী বিরোধী অভিযান। ইতিমধ্যে একাধিক শীর্ষ মাওবাদী নেতাকে নিকেশ করতে সক্ষমও হয়েছে নিরাপত্তাবাহিনী। গত তিনদিনে ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে। এবার অভিযান চলাকালীন মৃত্যু হল এক পুলিশ কর্তার (Senior Police Officer)। আইইডি বিস্ফোরণ (IED Blast) প্রাণ কেড়েছে তাঁর।
সুকমায় (Sukma) মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জে। সোমবার সকালে রাজ্যের দোন্দরার কাছে কোন্টা-এরাবোরে রোডে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কোন্টার এসডিপিও এবং স্টেশন হাউস অফিসার ছাড়াও একাধিক জওয়ানও আহত হয়েছেন বলে সূত্রের খবর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত অফিসারকেও ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২০১৩ সালে ডিএসপি হিসেবে কাজে যোগ দিয়েছিলেন গিরেপুঞ্জে। ২০১৯ সালে সাহসিকতার জন্য ‘পুলিশ গ্যালান্ট্রি মেডেল’ পেয়েছিলেন তিনি।
পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর বিশেষ ইউনিট কোবরা (CoBRA) বাহিনীর সদস্যদের যৌথ অভিযানে পরপর শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই আগামী ১০ জুন বনধ ডেকেছে মাওবাদী সংগঠন। সেই বনধ সফল করতে তারা যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতেই ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশ এবং সেনার যৌথ দল। টহল দেওয়ার সময়ই আইইডি বিস্ফোরণ ঘটে।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। তল্লাশি অভিযানের বহরও বাড়ানো হয়েছে। মনে করা হচ্ছে, এলাকার জঙ্গলে একাধিক মাওবাদী নেতা লুকিয়ে আরও নাশকতা করার চেষ্টা করবে। তা রুখতেই উদ্যত পুলিশ এবং নিরাপত্তাবাহিনী।
গত ২১ মে, রাজ্যের নারায়ণপুরে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-কে (৭০) নিকেশ করে নিরাপত্তাবাহিনী। তারপর একই অঞ্চলে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হন আরেক শীর্ষ মাওবাদী নেতা নারসিমা চালাম ওরফে সুধাকর। তাঁর মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। সম্প্রতি মৃত্যু হয়েছে ভাস্কর ওরফে মৈলারাপু আদেলুর। তার মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা।