বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকা থেকে আরও তিনজন পুরুষ এবং দুই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 June 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বিজাপুরের (Chhattisgarh Bijapur) জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। বিগত কয়েকদিনে তিন শীর্ষ মাওবাদী নেতাকে নিকেশ করা হয়েছে। তার মধ্যে শনিবারই মৃত্যু হয়েছে ভাস্কর ওরফে মৈলারাপু আদেলুর। তার মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা। ওই এলাকায় এখনও অভিযান চলছে এবং আরও ৫ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক (Indravati National Park) এলাকা থেকে আরও তিনজন পুরুষ এবং দুই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। সকলেই মাওবাদীদের সংগঠনের সদস্য বলে অনুমান করছে পুলিশ। তাদের তরফে জানান হয়েছে, ইতিমধ্যে ৭ জন মাওবাদী শীর্ষনেতাকে খতম করা হয়েছে। বিজাপুরের জঙ্গলে আরও একাধিকজন লুকিয়ে রয়েছে বলেও সন্দেহ তাঁদের। সেই পরিপ্রেক্ষিতেই তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে।
বিজাপুরের ওই অঞ্চলে যৌথ অভিযান করছে ছত্তীসগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর বিশেষ ইউনিট কোবরা (CoBRA) বাহিনীর সদস্যরা। শনিবার যে মাওবাদী নেতার মৃত্যু হয়েছে সেই ভাস্করের ছত্তীসগড়ে মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা এবং তেলঙ্গানায় ২০ লক্ষ টাকা। অর্থাৎ মোট ৪৫ লক্ষ। এর আগে, বৃহস্পতিবারই একই অঞ্চলে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হন আরেক শীর্ষ মাওবাদী নেতা নারসিমা চালাম ওরফে সুধাকর। তাঁর মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা।
এর আগে সর্বশেষ বড় সাফল্য আসে গত ২১ মে, যখন নিরাপত্তাবাহিনী বস্তার অঞ্চলের নারায়ণপুরে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-কে (৭০) নিকেশ করে।