পুলিশের তথ্য অনুযায়ী, নিহত মাওবাদী নেতা তেলঙ্গানা স্টেট কমিটির বিশেষ জোনাল কমিটির সদস্য ছিলেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 June 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বিজাপুর (Chhattishgarh Bijapur) জেলায় ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ আরও এক শীর্ষ মাওবাদী নেতা (Maoist Leader)। তার নাম ভাস্কর ওরফে মৈলারাপু আদেলু। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত মাওবাদী নেতা তেলঙ্গানা স্টেট কমিটির বিশেষ জোনাল কমিটির সদস্য ছিলেন।
গত বুধবার থেকে বিজাপুরের ওই অঞ্চলে যৌথ অভিযান চালাচ্ছিল ছত্তীসগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর বিশেষ ইউনিট কোবরা (CoBRA) বাহিনীর সদস্যরা। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ জানিয়েছেন, দুই পক্ষের সংঘর্ষে মাওবাদী নেতার মৃত্যু তো হয়েছেই, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, বিস্ফোরক ও প্রচুর অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ইতিমধ্যে জানা গেছে, ছত্তীসগড়ে মৃত মাওবাদী নেতা ভাস্করের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা এবং তেলঙ্গানায় ২০ লক্ষ টাকা। অর্থাৎ মোট ৪৫ লক্ষ। এর আগে, বৃহস্পতিবারই একই অঞ্চলে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হন আরেক শীর্ষ মাওবাদী নেতা নারসিমা চালাম ওরফে সুধাকর। তাঁর মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা।
এর আগে সর্বশেষ বড় সাফল্য আসে গত ২১ মে, যখন নিরাপত্তাবাহিনী বস্তার অঞ্চলের নারায়ণপুরে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-কে (৭০) নিকেশ করে। এই তিনটি অভিযানই দেখিয়ে দিচ্ছে, মাওবাদীদের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কতটা জোরালো কৌশলে এগোচ্ছে।