ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মুম্বরা থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে আসার পথে মুম্বরা-ডিভা স্টেশনের মাঝপথে।
শেষ আপডেট: 9 June 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: সাপ্তাহিক কাজের প্রথম দিন সোমবারই ভয়ানক দুর্ঘটনার সাক্ষী হল মুম্বই। ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে মুম্বরা থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে আসার পথে মুম্বরা-ডিভা স্টেশনের মাঝপথে। ভিড়ের চাপে মোট ১০ জন চলন্ত ট্রেন থেকে পাশের লাইনে পড়ে যান প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বক্তব্যে জানা গিয়েছে, প্রায় ১০-১২ জন চলন্ত ট্রেন থেকে ছিটকে পাশের লাইনে গিয়ে পড়েন। প্রত্যেকেই চাপের কারণে ভিতরে ঢুকতে না পেরে গেটের কাছে ঝুলছিলেন। রেল ও পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। মারাত্মকভাবে জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় মুম্বইয়ের অতি ব্যস্ত সেন্ট্রাল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আরও দুর্ভোগে পড়েন অন্য যাত্রীরা। নিত্যযাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, ঘটনাটির সময় পুষ্পক এক্সপ্রেস ও কাসারা লোকাল ট্রেনটি পরস্পরকে ক্রস করছিল।
মারাঠি সংবাদ মাধ্যম লোকমত জানাচ্ছে, মুম্বরা পুষ্পক এক্সপ্রেস ঠানের কাসারার দিকে যাচ্ছিল এবং কাসারা লোকাল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ট্রার্মিনাসের দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন।