ব্রাত্য বসু লেখক অমল সরকারের প্রশংসা করে বলেন, 'তাঁর লেখা প্রতিটি বই বাস্তবের দলিল। ‘জমির উলট পুরাণ’ থেকে শুরু করে ‘ভারত বনাম মোদীর ভারত' সবই সমসাময়িক রাজনীতির বিবরণ ও গভীর বিশ্লেষণ। তিনি খবরের মধ্যে ডুবে থাকা মানুষ।' রাজনৈতিক সাংবাদিকতা করলেও রাজনীতিকদের সঙ্গে পেশাগত সখ্য যেমন রক্ষা করেন, একই সচেতন ভাবে দূরত্ব বজায় রাখেন।

লেখক অমল সরকারের বই ধানমন্ডি ৩২
শেষ আপডেট: 29 January 2026 17:24
দ্য ওয়াল ব্যুরো: এই বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় Kolkata International Book Fair বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলির অংশগ্রহণ নেই। ফলে বইমেলার স্টলগুলিতে দেখা মিলছে না বাংলাদেশের কোনও নতুন বই। প্রতিবেশী দেশের বইপ্রেমী পাঠকদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের আক্ষেপ।
তবে বাংলাদেশের বই না থাকলেও সে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা এক নতুন প্রকাশিত বই পাঠকদের আগ্রহ বাড়িয়েছে। কলকাতার লেখক এবং দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর নতুন বই ‘ধানমন্ডি ৩২, মুজিবের দেশে মীরজাফরেরা’ Dhanmondi 32, Mujib-er Deshe Mirjafarra।
বইটিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ইতিহাসের জটিল টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে গভীরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে হাসিনা সরকারের পতনসহ স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে ঘটে যাওয়া নানা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক অস্থিরতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও বিশ্লেষণ রয়েছে বইটিতে।
বইটি আনুষ্ঠানিক প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন লেখক সাংবাদিক প্রচেত গুপ্ত সহ সাহিত্য ও সাংবাদিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা। বই প্রকাশ অনুষ্ঠান ঘিরে বইমেলায় তৈরি হয় বিশেষ আলোচনা ও আগ্রহ। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল, সামাজিক অস্থিরতা এবং সময়ের নানা সংকটকে কেন্দ্র করে লেখা এই বই পাঠকদের সামনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে বলেই মনে করছেন অনেকে।
ব্রাত্য বসু লেখক অমল সরকারের প্রশংসা করে বলেন, 'তাঁর লেখা প্রতিটি বই বাস্তবের দলিল। ‘জমির উলট পুরাণ’ থেকে শুরু করে ‘ ভারত বনাম মোদীর ভারত' সবই সমসাময়িক রাজনীতির বিবরণ ও গভীর বিশ্লেষণ। তিনি খবরের মধ্যে ডুবে থাকা মানুষ।' রাজনৈতিক সাংবাদিকতা করলেও রাজনীতিকদের সঙ্গে পেশাগত সখ্য যেমন রক্ষা করেন, একই সচেতন ভাবে দূরত্ব বজায় রাখেন।
শিক্ষামন্ত্রীর কথায়, বাংলাদেশের বহু বড় নেতা-মন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া থেকে শুরু করে খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ-সব জমানার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁর বিস্তর জ্ঞান ও দখল রয়েছে।
লেখক অমল সরকার বলেন, 'এই বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলিকে তুলে ধরেছি। ধানমন্ডি ৩২ কথাটির বিশেষ তাৎপর্য রয়েছে। বাংলাদেশ নামক দেশটির জন্ম এই বাড়িটিতে। সেই বাড়ি আজ বিধ্বস্ত, বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। এই বাংলাদেশ আমি দেখিনি।' তিনি আরও বলেন, গত পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পেছনে থাকা নানা ষড়যন্ত্র এবং ঘটনাপ্রবাহ এই বইতে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলির অনুপস্থিতিতে বইমেলায় যে শূন্যতা তৈরি হয়েছে, অমল সরকারের এই নতুন বই সেই শূন্যতাকে কিছুটা হলেও পূরণ করেছে বলে মনে করছেন বইপ্রেমীরা। বাংলাদেশের অজানা গল্প ও বাস্তবতা জানতে আগ্রহী পাঠকদের কাছে এটি হয়ে উঠতে পারে এক গুরুত্বপূর্ণ দলিল। কলকাতা আন্তর্জাতিক বইমেলার মঞ্চে প্রকাশিত এই বই ইতিমধ্যেই পাঠকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আগ্রহী পাঠকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠছে।