দেহটি ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে শিশুর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

শেষ আপডেট: 24 January 2026 15:22
দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকায় আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের মৃতদেহ (New Town newborn body recovered)। তা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউন থানার পুলিশ। দেহটি উদ্ধার করেছে।
জানা গিয়েছে, মৃতদেহটি একটি শিশুপুত্রের। স্থানীয় সূত্রে খবর, এলাকায় (New Town Kolkata) আবর্জনার স্তূপের মধ্যে সদ্যোজাত শিশুর দেহ (Infant Death) পড়ে থাকতে দেখে প্রথমে আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরাই পুলিশে খবর দেন। সদ্যোজাতের দেহ উদ্ধারের পরই এই নির্মম ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারেই কেউ সদ্যোজাত পুত্রসন্তানের দেহটি সেখানে ফেলে রেখে যায়। ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও একজন রয়েছে, নাকি একের বেশি জড়িত, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
ঠিক কোন সময়ে ঘটনাটি ঘটল, ওই এলাকায় মানুষের গতিবিধি খতিয়ে দেখতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে গভীর রাতের দিকে কোনও সময় ওই এলাকায় সন্দেহজনক কারও উপস্থিতি ছিল কি না, সেদিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা।
উদ্ধার হওয়া সদ্যোজাতের দেহটি ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে শিশুর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা এই নির্মম ঘটনার সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে নিউ টাউন থানার পুলিশ।