পুজোতে যাত্রী সংখ্যা বিশাল বৃদ্ধি পেলেও তেমন কোনও অভিযোগ সামনে আসেনি। এক কথায়, ট্রেনের সংখ্যা বাড়ার পর মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। একাদশীতে অবশ্য পরিস্থিতি কিছুটা পাল্টাতে পারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 October 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (DurgaPuja2025) শুরুর আগে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। কারণ মাঝেমধ্যেই মেট্রোতে গন্ডগোল হচ্ছিল, পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। কিন্তু পুজোতে যাত্রী সংখ্যা বিশাল বৃদ্ধি পেলেও তেমন কোনও অভিযোগ সামনে আসেনি। এক কথায়, ট্রেনের সংখ্যা বাড়ার পর মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। একাদশীতে (Ekadashi) অবশ্য পরিস্থিতি কিছুটা পাল্টাতে পারে।
দশমীর পর যাত্রীদের ভিড় কিছুটা কমবে ধরে নিয়ে একাদশীর দিন অর্থাৎ ৩ অক্টোবর, শুক্রবার ব্লু লাইনে (Blue Line) স্বাভাবিকের তুলনায় কম মেট্রো চালাবে কর্তৃপক্ষ। ওই দিন ২৩৬টি ট্রেন (আপ ১১৮ + ডাউন ১১৮) পরিষেবা দেবে। সাধারণ সময়ে যেখানে মোট ২৭২টি ট্রেন চালানো হয়, সেখানে ওই দিন পরিষেবা থাকবে কিছুটা সীমিত।
প্রথম মেট্রো ছাড়বে:
সকাল ৬:৫০ মিনিটে - নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম
সকাল ৬:৫৪ মিনিটে - শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৬:৫৫ মিনিটে - দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
সকাল ৬:৫৫ মিনিটে - মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর
শেষ মেট্রো ছাড়বে:
রাত ৯:২৮ মিনিটে - দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
রাত ৯:৩২ মিনিটে - শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
রাত ৯:৪৪ মিনিটে - শহিদ ক্ষুদিরাম থেকে দমদম
অন্যদিকে, গ্রিন, ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে সেদিন স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
এবারের পুজোয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৩ হাজার ২১টি বিশেষ মেট্রো পরিষেবা চালিয়েছে কলকাতা মেট্রো রেল। গত বছরের তুলনায় এ বছর আরও ৬৫১টি বেশি মেট্রো চালানো হয়েছে। এই ৬ দিনে মেট্রোর বহন ক্ষমতা ছিল প্রায় ৯০.৬৩ লক্ষ যাত্রী। গত বছর পুজোয় যাত্রী সংখ্যা ছিল ৪১.১৫ লক্ষ। অর্থাৎ এ বছর প্রায় ১২০ শতাংশ বেশি যাত্রী বহনের মতো প্রস্তুতি নিয়েছিল মেট্রো রেল।
মনে করা হচ্ছে, কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভিড় কমাতে স্মার্ট কার্ড ও মোবাইল কিউআর টিকিটে (QR Ticket) ডিজিটাল বুকিংয়ের সুযোগ মেলায় আরও সড়গড় হয়েছে মেট্রো পরিষেবা। এর পাশাপাশি রয়েছে ৫ শতাংশ বোনাস বা রিবেটের সুবিধা। স্মার্ট কার্ডের দাম কমায় বিক্রিতেও জোয়ার এসেছে। স্টেশনগুলিতে এখন লম্বা লাইন পড়ে স্মার্ট কার্ড কিনতে।