ঘটনাস্থলের কাছের একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার সময়ের গোটা মুহূর্ত।

ফাইল ছবি
শেষ আপডেট: 8 February 2026 23:02
দ্য ওয়াল ব্যুরো: রাতে বাইক নিয়ে খেতে বেরিয়েছিলেন দুই বন্ধু। ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা (kolkata accident)। পিছন থেকে ধেয়ে আসা ঘাতক এক লরির ধাক্কায় প্রাণ হারালেন দু’জনেই।
ঘটনাটি ঘটেছে, ঠাকুরপুকুর থানার পূর্ব পাড়া, জেমস লং সরণিতে।
জানা গিয়েছে, মৃত দুজনই ডাক্তারি পড়ুয়া (kolkata medical student accident death)। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পরে জানা যায়, দু’জনেই জোকা ইএসআই হাসপাতালের মেডিক্যাল ছাত্র। মৃতদের নাম ফাইয়াজ মল্লিক এবং আনন্দ প্রিয়দর্শী। তাঁদের একজনের বাড়ি ভাঙড়ে বলে জানিয়েছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, বন্ধুরা কয়েকজন রাতে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। ভোর সাড়ে তিনটে নাগাদ ফেরার সময় লরির ধাক্কায় মৃত্যু হয় তৃতীয় বর্ষের ওই দুই ছাত্রের।
ঘটনাস্থলের কাছের একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার সময়ের গোটা মুহূর্ত। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। বাইক চালিয়ে আসছিলেন দুই বন্ধু। আচমকা একটি লরি পিছন থেকে এসে ধাক্কা মারে বাইকে। উল্টে পড়ে যান দুজনেই। মুহূর্তের মধ্যে লরিটি পিষে চলে যায় তাঁদের দুজনকে।
পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে দুই বন্ধুর। ময়নাতদন্তে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অকালে ঝরে গেল দুটি তরতাজা প্রাণ। যাঁদের সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল, তাঁদের এইভাবে চলে যাওয়ায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।