মধ্যপ্রদেশের রেওয়ার কোস্তা গ্রামের কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বিয়ের কার্ড বিলি করতে গিয়ে অডি গাড়ির ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের।

ফাইল চিত্র
শেষ আপডেট: 8 February 2026 08:30
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আনন্দের প্রস্তুতি চলছিল। কিন্তু সেই আনন্দই মুহূর্তে বদলে গেল গভীর বিষাদে। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিনজন সদস্য। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলার কোস্তা গ্রামের কাছে জাতীয় সড়কে (Rewa road accident)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ভাগবত বিশ্বকর্মা ও তাঁর ছোট ছেলে রাহুল। তাঁদের সঙ্গে পরিবারের আরও এক সদস্যেরও মৃত্যু হয়েছে। শুক্রবার বাইকে করে বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়েছিলেন তাঁরা। পথেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।
ভাগবত বিশ্বকর্মা রেওয়া জেলার বাসিন্দা। আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁর বড় ছেলের বিয়ে ঠিক হয়েছিল। সেই উপলক্ষেই ভাগবত, তাঁর ছোট ছেলে রাহুল এবং পরিবারের আরও একজন সদস্য আত্মীয়দের বাড়িতে কার্ড দিতে বেরিয়েছিলেন। এক আত্মীয়ের বাড়িতে কার্ড দিয়ে তাঁরা যখন অন্য আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই কোস্তা গ্রামের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
রাইপুর কারচুলিয়ান থানার ইনচার্জ বিজয় সিং জানান, উল্টো দিক থেকে আসা একটি বিলাসবহুল অডি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে বাইকটিকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ধাক্কার তীব্রতায় তিনজনই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। বাইকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অডি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। চালক মদ্যপ ছিলেন কি না এবং দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।