গত পরশু ৩ ডিসেম্বর থেকে শুক্রবার ৫ ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো কলকাতাতেও রেকর্ড করেছে। ৩২০টি ফ্লাইট ছাড়তে দেরি করেছে এবং বাতিল হয়েছে ৯২টি ফ্লাইট। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া সরকারি তথ্যে পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে।

শেষ আপডেট: 5 December 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: ভোগান্তির নতুন নাম এখন ইন্ডিগো (Indigo Flight)। কলকাতা বিমানবন্দরেও (Kolkata Airport) তিন দিন ধরে ব্যাপক অস্থিরতা চলছে ইন্ডিগোর (Indigo) কারণে। গত পরশু ৩ ডিসেম্বর থেকে শুক্রবার ৫ ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো কলকাতাতেও রেকর্ড করেছে। ৩২০টি ফ্লাইট ছাড়তে দেরি করেছে এবং বাতিল হয়েছে ৯২টি ফ্লাইট (Flight Cancelled) । শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া সরকারি তথ্যে পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে।
এই তিন দিনে ইন্ডিগোর (Indigo) মোট ৪৬৮টি বিমানের আসা যাওয়া নির্ধারিত ছিল। কিন্তু নানা কারণে সময়সূচি ব্যাপকভাবে ব্যাহত হয়। এর ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা, বোর্ডিং কাউন্টারে ভিড় এবং নির্ধারিত যাত্রা অনিশ্চয়তার কবলে পড়ে।
বিমানবন্দর সূত্রের দাবি, কর্মী সংকট থেকে শুরু করে অপারেশনাল চাপে এই গোলমালের সৃষ্টি। যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে এয়ারলাইন (Airline) ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকালে আরও বড় বিপর্যয়ের খবর দিয়েছে ইন্ডিগো। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর সমস্ত উড়ান বাতিল ঘোষণা করা হয়েছে। দুপুর থেকেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGI)-এ যাত্রীদের জানিয়ে দেওয়া হয় যে ক্রমাগত বেড়ে চলা অপারেশনাল বিশৃঙ্খলার কারণে সব নির্ধারিত প্রস্থান স্থগিত থাকবে।
সাধারণত প্রতিদিন দিল্লি থেকে ইন্ডিগো প্রায় ২৩৫টি আউটবাউন্ড ফ্লাইট পরিচালনা করে। এতগুলি উড়ান একসঙ্গে বাতিল হওয়ায় রাজধানীর বিমানবন্দরে কার্যত সম্পূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে, যাত্রীদের ভোগান্তিও চরমে উঠেছে।
ইন্ডিগোর অপারেশনাল অস্থিরতা টানা তৃতীয় দিনে পা রাখায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। শুক্রবার সারা দেশে ৬০০-রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার সঙ্গে যোগ হয়েছে আগের দিনের ৫৫০টিরও বেশি বাতিল উড়ান। দিল্লি ছাড়াও মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ বিমানবন্দরেও ব্যাপক প্রভাব পড়েছে। শত শত যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন, শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছে অনেকের ট্রাভেল প্ল্যান।