পড়ুয়াদের জন্য সুরক্ষার অভাব। স্কুল কর্তৃপক্ষও এই ব্যাপারে উদাসীন।

স্কুল চত্বরে বিক্ষোভ
শেষ আপডেট: 20 May 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের জন্য সুরক্ষার অভাব। স্কুল কর্তৃপক্ষও এই ব্যাপারে উদাসীন। তার সঙ্গে রয়েছে আরও একাধিক অভিযোগ। এই ইস্যুতেই মঙ্গলবার তুমুল উত্তেজনা সৃষ্টি হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলে (South Kolkata School)। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একাংশের হাতাহাতির উপক্রম হয়।
দক্ষিণ কলকাতার নেতাজি নগর (Netaji Nagar) অঞ্চলের নর্মদা স্কুলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত ফায়ার সেফটি নেই তবুও দিনের পর দিন ক্লাস হয়ে চলেছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন। শুধু তাই নয়, স্কুলের অভ্যন্তরীণ ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। কী অভিযোগ তাঁদের?
মঙ্গলবার সকাল থেকে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়েই শিক্ষক বদলি করে দেওয়া হয় স্কুলে। তাছাড়া অভিভাবকদের না জানিয়ে স্কুল ছুটিও দিয়ে দেওয়া হয় মাঝেমধ্যে! পাশাপাশি, অভিভাবকদের না জানিয়ে প্রিন্সিপালকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বিনা কারণে এমনটা করা হয়েছে বলে আরও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় স্কুল চত্বরে।