মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৮৯ শতাংশ, যার ফলে অস্বস্তি রয়েছে তীব্র।

ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 20 May 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবার সারাদিন। উপরের তিন জেলা অর্থাৎ দার্জিলিং ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রীতিমতো ভাসবে উত্তরবঙ্গ। কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় খুব বেশি বৃষ্টি হবে না।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিঙের কিছু অংশে এদিন কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।
আগামীকাল, বুধবার এবং তারপরের দিন বৃহস্পতিবারও দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে।
এদিকে দক্ষিণবঙ্গে জারি রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে।
এই সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে কম-বেশি বজ্রবিদ্যুৎ -সহ ঝড়-বৃষ্টি হতে পারে। দিনের বেলা অর্থাৎ সূর্য ডোবার আগে প্রর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বেও। রবিবার পর্যন্ত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে নেই।
আজ সকালে কলকাতার আবহাওয়া কিছুটা মনোরম থাকলেও সারাদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরের পর থেকে গরম ও অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে। ঝড়ের আশঙ্কা নেই।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৮৯ শতাংশ, যার ফলে অস্বস্তি রয়েছে তীব্র। আলিপুর জানাচ্ছে, শহরে বৃষ্টির সম্ভাবনা বুধবার ও বৃহস্পতিবার বেশি। শুক্রবার পর্যন্ত এমন চলবে।
কর্নাটকে প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবার। অসম, মেঘালয়, কেরল, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সিকিম, উত্তরবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকাল অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।
অন্যদিকে, দেশের উত্তরের রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানে গরমের প্রকোপ থাকবে চরমে। রাতেও মিলবে না স্বস্তি। এছাড়া ওড়িশা ও রাজস্থানেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে।
আবহাওয়া দফতর বলছে, আগামী ২-৩ দিনের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মালদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। পাশাপাশি দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু এলাকাতেও মৌসুমি বায়ু অগ্রসর হবে।