রবিবার দক্ষিণবঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। হালকা স্বস্তি মিললেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া
শেষ আপডেট: 18 May 2025 11:42
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে জারি রয়েছে তীব্র গরমের দাপট। তবে শনিবারের হালকা বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছে মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে। এর ফলে কিছুটা হলেও কমবে গরমের তীব্রতা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় চলছে ভ্যাপসা গরম। আর্দ্রতার কারণে পশ্চিমের জেলাগুলিতে বেশি অস্বস্তি হচ্ছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে প্রায় সব জেলায়। রবিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা ২–৩ ডিগ্রি কমতে পারে।
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি—এই জেলাগুলিতে কালবৈশাখী হতে পারে। ঝড়ের সঙ্গে ৩০–৬০ কিমি গতিতে বইতে পারে দমকা হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শনিবার বিকেলে কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। রবিবার শহরে আরও বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটারের বেশি হতে পারে। তাপমাত্রা এখনই খুব একটা না কমলেও, সোমবারের মধ্যে কিছুটা নামবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।