চেতলা অগ্রনীর দুর্গাপুজোর মণ্ডপে আগুন। নিরাপত্তার কারণে সাধারণ দর্শকদের প্রবেশ আপাতত বন্ধ রেখেছেন উদ্যোক্তারা।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 September 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। আপাতত জন সাধারণের প্রবেশ নিষিদ্ধ করল পুজো উদ্যোক্তারা।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, গোটা প্যান্ডেল শর্ট সার্কিট হয়ে যায় এদিন। তার ফলেই আগুন লাগে মণ্ডপে। ভিতরে কেউ আটকে পড়েছিল কি না জানা যায়নি।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হওয়া বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয় কলকাতার একাধিক পুজো মণ্ডপ। ক্ষতি হয় চেতলার এই পুজোরও। ধাক্কা সামলানোর আগেই আগুন লাগায় শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ।
রবিবার মহালয়ার দিন চোখ এঁকে এই পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই দর্শনার্থীরা পৌঁছতে শুরু করেছিলেন মণ্ডপে। মঙ্গলবার জলমগ্ন অবস্থা হলেও অনেকে রাতে বেরিয়ে পড়েন। আজ শুকনো আবহাওয়া দেখেও বহু মানুষ দর্শন সেরে ফেলতে পৌঁছেছিলেন।
কিন্তু এই দুর্ঘটনার ফলে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হল পুজো মণ্ডপের দ্বার। কবে খুলবে, তা জানায়নি উদ্যোক্তারা।
বিবৃতিতে জানানো হয়েছে, অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হল তাদের। কীভাবে কাটিয়ে উঠবেন, জানা নেই।
প্রসঙ্গত, আজ শহরের আরও এক জায়গায় আগুন লাগে দুপুরে। আনোয়ার শাহ রোডের একটি হোটেলের রুফ টপ ভস্মীভূত হয়ে যায়। পুজোর মুখে বিরাট ক্ষতির মুখে হোটেল কর্তৃপক্ষ।