রবিবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল মুম্বই থেকে আসা স্পাইসজেটের বিমান। মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেন পাইলট।

ফাইল ছবি
শেষ আপডেট: 10 November 2025 07:47
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল স্পাইসজেটের একটি বিমান। জানা গিয়েছে, মুম্বই থেকে উড়ে আসা ওই বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেন পাইলট। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনা এড়াতেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। সকলে সুস্থ ও নিরাপদ রয়েছেন।
বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের ওই ফ্লাইটটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল রবিবার। কলকাতা আসার পথে পাইলট বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে কলকাতা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে পরিস্থিতির কথা জানান। এরপর পূর্ণাঙ্গ জরুরি অবস্থা জারি করা হয় বিমানবন্দরে।
রাত ১১টা ৩৮ মিনিটে ফ্লাইট নম্বর এসজি ৬৭০ নিরাপদে অবতরণ করে কলকাতায়। কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় অবতরণের পরই।
অবতরণের সময় বিমানবন্দরের জরুরি প্রতিক্রিয়া দল সম্পূর্ণ প্রস্তুত ছিল। ফায়ার টেন্ডার, অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম মজুত রাখা হয়েছিল রানওয়ের পাশে। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও প্রস্তুত সাড়া দেওয়ার ফলেই কোনও বিপত্তি ঘটেনি।
উল্লেখ্য, গত মাসেও অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই-৬৯৬১ উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেই সময় বিমানের জ্বালানী লিকেজ ধরা পড়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে হয় পাইলচকে। ওই ফ্লাইটে থাকা ১৬৬ জন যাত্রী ও ক্রু সদস্য সকলেই নিরাপদে ছিলেন। বিমানটি মেরামতির পর পুনরায় উড়ানের অনুমতি পায়।
আমদাবাদে দুর্ঘটনার পর থেকে প্রায় সব বিমান সংস্থাই বাড়তি সাবধান। সামান্য কিছু হলেও ঝুঁকি না নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন। এতে শুধু যাত্রী নয়, বিমান সদস্যরাও নিরাপদে থাকছেন। ওয়াকিবহল মহলের মতে, এতে যাত্রীরা নিরাপদ বোধ করছেন এবং বিমানে ওঠায় ভয় কাটছে।