কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানে মাঝ আকাশে ফুয়েল লিক ধরা পড়ায় জরুরি অবতরণ করল বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানে থাকা ১৬৬ যাত্রী ও ক্রু সদস্য সবাই নিরাপদে আছেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 October 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বড় বিপদ থেকে রক্ষা পেল কলকাতা-শ্রীনগর ইন্ডিগো বিমান। ১৬৬ জন যাত্রী ও ক্রু সদস্য নিয়ে আকাশে ওড়ার পর হঠাৎই জ্বালানি লিক করতে শুরু করে। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করানো হয় বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। সৌভাগ্যবশত, বিমানে থাকা সমস্ত যাত্রী ও কর্মীদের নিরাপদে বের করে আনা হয়েছে।
ইন্ডিগোর ওই ফ্লাইটের নম্বর ছিল 6E-6961। বিমান অবতরণের পরই দ্রুত ব্যবস্থা নেয় বারাণসী বিমানবন্দর কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও আবার শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কিছুদিন আগেই আরও এক শ্রীনগরগামী ইন্ডিগো বিমানকে রানওয়েতে থামাতে হয় প্রযুক্তিগত সমস্যার কারণে। জম্মু বিমানবন্দর থেকে টেক অফের ঠিক আগের মুহূর্তে ওই বিমানের এক ইঞ্জিনের উপরে জ্বালানি লিক ধরা পড়ে, ফলে শেষ মুহূর্তে বাতিল করা হয় টেক-অফ।
এর আগে, আজ সকালে মুম্বই থেকে নিউয়ার্কগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI191 মাঝ আকাশে প্রযুক্তিগত ত্রুটি সন্দেহে ফের মুম্বই বিমানবন্দরে ফিরে আসে। বিমানটি নিরাপদে অবতরণ করার পর বিস্তারিত পরিদর্শন শুরু হয়েছে। এর ফলে ওই রুটের উভয় ফ্লাইট, AI191 (মুম্বই–নিউয়ার্ক) এবং AI144 (নিউয়ার্ক–মুম্বই) দুটি বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানিয়েছে, সমস্ত যাত্রীকে হোটেলে থাকার ব্যবস্থা করে তারা এবং অন্য ফ্লাইটে পুনরায় বুকিং শুরু হয়েছে।
ঘনঘন প্রযুক্তিগত ত্রুটি এবং জ্বালানি লিকের মতো ঘটনায় যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। যদিও বিমান সংস্থাগুলির দাবি, প্রতিটি ঘটনা পরেই তারা কঠোর নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না তৈরি হয়।