কাচে ফাটল দেখা দেওয়ার পর বিমানটি দ্রুত উচ্চতা কমিয়ে ২৬ হাজার ফুটে নেমে আসে এবং কিছুক্ষণের মধ্যেই নিরাপদে অবতরণ করে সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 October 2025 10:37
দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ডেনভার (Denver) থেকে লস অ্যাঞ্জেলেস (Los Angeles) রওনা দেওয়া এক বিমান। উড়ানের সময়ই ফেটে যায় বিমানের উইন্ডশিল্ড (Windshield)! গুরুতর আহত হন পাইলট (Pilot)। যদিও শেষমেশ সুরক্ষিত সব যাত্রীসহ অবতরণ করে বিমানটি। কিন্তু মাঝ আকাশে এত বড় ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্বাভাবিকভাবেই।
ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ (Boeing 737) ম্যাক্স ৮ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। প্রায় ৩৬ হাজার ফুট উঁচুতে উড়তে থাকা অবস্থায় হঠাৎ বিমানের সামনের উইন্ডশিল্ডে ফাটল (Windshield Crack) দেখা দেয়। তাতেই আহত হন এক পাইলট। শেষ পর্যন্ত জরুরি অবতরণের মাধ্যমে রক্ষা পান ১৪০ জন যাত্রী ও ক্রু সদস্য।
ঘটনাটি ঘটেছে ১৬ অক্টোবর, ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ইউএ-১০৯৩-তে। কাচে ফাটল দেখা দেওয়ার পর বিমানটি দ্রুত উচ্চতা কমিয়ে ২৬ হাজার ফুটে নেমে আসে এবং কিছুক্ষণের মধ্যেই নিরাপদে অবতরণ করে সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে। পরবর্তী সময়ে যাত্রীদের অন্য একটি বিমান - বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯-এ স্থানান্তর করা হয়। প্রায় ছয় ঘণ্টা বিলম্বের পর তাঁরা লস অ্যাঞ্জেলেসে পৌঁছন।
কেন ফেটে গেল বিমানের কাচ?
সাধারণত বিমানের উইন্ডশিল্ডে ফাটল ধরা বিরল ঘটনা হলেও, এই ঘটনার ক্ষতি ও পাইলটের আঘাতের ধরন বিশেষজ্ঞদের কৌতূহল বাড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, ফাটা কাচের চারপাশে পোড়া দাগের মতো দাগ রয়েছে। আহত পাইলটের হাতে চোটের চিহ্নও দেখা গেছে। অর্থাৎ এটি সাধারণ কোনও কাঠামোগত ত্রুটি নয়, বরং বাহ্যিক কোনও আঘাতের ফল বলেই মনে করা হচ্ছে।
Windshield SHATTERS on Boeing 737 MAX flying from Denver to LA
'Space debris or small meteorite' as officials cause — pilot injured pic.twitter.com/bpqmWCz6AU— RT (@RT_com) October 19, 2025
বিমানটি সল্ট লেক সিটি থেকে প্রায় ৩২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে থাকাকালীনই ফাটল নজরে আসে। পাইলটরা সঙ্গে সঙ্গে জরুরি প্রক্রিয়া অনুসরণ করে বিমানটি অবতরণ করান।
বিমান বিশেষজ্ঞদের একাংশের অনুমান, মহাকাশের ধ্বংসাবশেষ বা ক্ষুদ্র উল্কাখণ্ডের আঘাতে এই ক্ষতি হয়ে থাকতে পারে। কারণ বিমানের উইন্ডশিল্ড এমনভাবে তৈরি থাকে যাতে পাখির ধাক্কা বা চাপের পার্থক্য সহজেই সহ্য করতে পারে, কিন্তু উচ্চগতিতে ছুটে আসা কোনও কঠিন বস্তু সেই সীমা অতিক্রম করতে পারে।
ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, কোনও যাত্রী আহত হননি এবং পাইলটের আঘাত সামান্য। সংস্থাটি এখনও পর্যন্ত কাচ ফাটার নির্দিষ্ট কারণ জানায়নি।
অন্যদিকে, মাত্র দুই দিন পর অর্থাৎ ১৮ অক্টোবর শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি বিমানের লেজে অন্য একটি বিমান ধাক্কা মারে গেটের কাছে পৌঁছনোর সময়। তাতেও কেউ আহত হননি, তবে ১১৩ জন যাত্রীকে নামতে কিছুটা সময় লাগে বলে জানিয়েছে সংস্থা।