রবিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহের। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভাতেও থাকবেন তিনি। কিন্তু সেই কর্মসূচিতে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ
শেষ আপডেট: 1 June 2025 11:24
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতেই রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Bengal)। রবিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভাতেও থাকবেন তিনি। কিন্তু সেই কর্মসূচিতে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এনিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কী প্রতিক্রিয়া খোদ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না তিনি। প্রয়োজনে সবসময়েই দলের পাশে থাকবেন বলে জানালেন তিনি।
রবিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা। অমিত শাহের (Amit Shah) সভায় আমন্ত্রণ নেই তাঁর, এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, বৈঠকে নেতা-কর্মীদের স্পট নিশ্চিত থাকে। আমি জানি না কতজনকে ডাকা হয়েছে। আমাকে যখন দরকার হবে, ডাকা হবে। আমি দলের মধ্যে, দলের সঙ্গেই আছি।‘ আরও বলেন, ‘আমি কারও সঙ্গে দূরত্ব করিনি, সবার সঙ্গে ঘুরি। কর্মীদের সঙ্গে বসি। আমি কর্মীদের সঙ্গে ঘুরি, চা চক্রে বসি। তিরঙ্গা যাত্রায় বসি।‘
‘আমাকে যে কাজের জন্য যোগ্য মনে হবে, সেটা দেবে। এর আগেও সব সভাতেই যেতাম। কোর কমিটির বৈঠকে ছিলাম। এরম কর্মী বৈঠক আগে হয়েছে। পার্টির সাংগঠনিক রদবদল চলছে। জেলা কমিটি, মণ্ডল কমিটি হয়নি। রাজ্য কমিটি নতুন করে হওয়ার কথা শুনেছিলাম, সেটাও এখনও হয়নি। এবারে হয়তো যারা নতুন পদাধিকারি হয়েছেন, তাঁদের ডাকা হয়েছে।‘, বললেন দিলীপ ঘোষ।
‘একটা দু’টো মাছ নয়, অনেক মাছ, পুরো পুকুরকে কলুষিত করছে। পুকুরকে ছেঁচে ফেলতে হবে। নাহলে পুকুরে কোনও মাছ থাকতে পারবে না।‘ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের ব্যবস্থা নেওয়াকে ‘লোক দেখানো’ বলেই মনে করছেন প্রাক্তন বিজেপি সাংসদ।
আজ জামাইষষ্ঠী। কয়েক মাস আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্বাভাবিকভাবেই এই বছর প্রথম জামাইষষ্ঠী দিলীপ ঘোষের। কী করবেন আজ? এনিয়ে হেসে দিয়েই দিলীপ ঘোষ বলেন, ‘দেখা যাক। শ্বশুর বাড়িই নেই। কোথায় জামাই ষষ্ঠী করব দেখি।‘