স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।
.jpg.webp)
বঙ্গ সফরে অমিত শাহ
শেষ আপডেট: 1 June 2025 04:08
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah In Bengal)। শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। রবিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
শনিবার দুপুর থেকেই বাংলাজুড়ে বৃষ্টি চলছে। সেই বৃষ্টি মাথায় নিয়েই বিজেপি কর্মী-সমর্থকরা বিমানবন্দরের বাইরে অমিত শাহের অপেক্ষা করছিলেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার রাতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামিকাল তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। এরমধ্যে সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। ওই বৈঠকে ২৬-এর ভোটের রণকৌশল নিয়ে দলের নেতাকর্মীদের তিনি কী বার্তা দেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে প্রধানমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, নিউটাউনের বৈঠকে ছাব্বিশের ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে। ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ সাংগঠনিক জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। তবে রাজ্য সভাপতির নাম এখনও ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারই বিধানসভা ভোট পর্যন্ত রাজ্য সভাপতির পদে থাকবেন নাকি নতুন কাউকে দায়িত্বে আনা হবে, এ ব্যাপারে শাহ কোনও ইঙ্গিত দেন কিনা তা নিয়েও কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে।
আগামিকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক জমায়েত রয়েছে। সেই সভায় উপস্থিত থাকবেন অমিত শাহ। বাংলার সাংসদ, বিধায়ক এবং শীর্ষ নেতৃত্বদের নিয়ে একটি বৈঠকও করবেন তিনি। কয়েকদিন আগেই বঙ্গসফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। স্বভাবতই বাংলা সফরে শাহ এসে তাঁর বক্তৃতায় আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান কিনা, তা নিয়ে জল্পনা চলছে।
এদিকে, শাহী সভায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আমন্ত্রণ নেই বলেই খবর সূত্রের। রবিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহের সভায় ডাক পাননি তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এলেও তাঁর সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে। ফলে তাঁর রাজনৈতিক জীবন নিয়ে চর্চা ক্রমশ বাড়ছে।
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ২০২১-এর নির্বাচনে তৃতীয়বার সরকার গঠন করে তৃণমূল (TMC)। বিজেপির দৌড় থেমে যায় ৭৭-এই। এরপর বাংলায় অনুষ্ঠিত একের পর এক উপনির্বাচনগুলিতেও ভোট বাক্সে প্রভাব ফেলতে পারেনি পদ্ম শিবির। উত্তরবঙ্গের একাধিক আসন হাতছাড়া হয়েছে। তাই কয়েকমাস বাকি থাকতেই বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই ময়দানে নামছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।