সিইও অফিসের সামনে তুমুল উত্তেজনা। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রতিনিধি দল।

বিক্ষোভের মুখে শুভেন্দুরা
শেষ আপডেট: 1 December 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের (CEO Office) সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এদিন সকালেই মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এসআইআর-এর কাজের জন্য দিল্লির নিয়োগ করা বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর (Subrata Gupta) সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রতিনিধি দল। সেইসময়েই দফতরের বাইরে অবস্থান করা 'বিএলও অধিকার রক্ষা' কমিটির সদস্যরা তাঁদের দেখে চিৎকার করতে থাকেন। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়।
তৃণমূলপন্থী বিএলও-রা দফতরের সামনের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করতে শুরু করেন। দাবি জানান, তাঁদেরও সিইও-র (CEO) সঙ্গে দেখা করতে দিতে হবে। কিন্তু পুলিশ তাঁদের আটকায়, যেহেতু বিজেপির প্রতিনিধি দলের আগে থেকেই সময় নেওয়া ছিল, তাই পুলিশের তরফে জানানো হয়, একই সময় দু'পক্ষকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটিও হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষরা দফতরের ভিতরে ঢুকে গেলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ স্লোগান আর পাল্টা স্লোগানের ছবি দেখা যায়।
ইতিমধ্যেই সিইও-র (CEO) সঙ্গে বৈঠক শুরু হয়েছে বিজেপির প্রতিনিধি দলের। কিন্তু বাইরে উত্তেজনা ক্রমশ বাড়তেই থাকছে। এই পরিস্থিতিতে সিইও দফতরের বাইরে জড়ো হচ্ছেন বিজেপি আরও নেতা-কর্মীরা।