বোমা মেরে ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুমকি। চিঠি পাওয়ার পর তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ও লালবাজার বম্ব স্কোয়াড।

ভিক্টোরিয়া
শেষ আপডেট: 6 March 2026 17:30
দ্য ওয়াল ব্যুরো: বোমা মেরে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) উড়িয়ে দেওয়ার হুমকি। চিঠি পৌঁছতেই তৎপর হয়ে ওঠে কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা হয় হেস্টিংস থানা (Hastings Police Station)-র সঙ্গে। খবর পেয়ে দ্রুত তদন্তে নামে কলকাতা পুলিশ (Kolkata Police)।
সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে একটি হুমকি চিঠি (Threat Letter) পৌঁছয়, যেখানে বোমা মেরে গোটা স্মৃতিসৌধ উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চিঠি হাতে পেয়েই বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপরই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালবাজার (Lalbazar)-এর বম্ব স্কোয়াড (Bomb Squad)। বিশেষজ্ঞদের একটি দল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। চিঠিটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পরপর বোমাতঙ্কের ঘটনা সামনে এসেছে। কয়েকদিন আগে গোটা রাজ্যের একাধিক আদালতে (Court) বোমা রাখা হয়েছে বলে ই-মেল মারফত হুমকি আসে। পরে তদন্তে সেই বার্তা ভুয়ো বলে প্রমাণিত হয়।
শুধু আদালতই নয়, রাজ্যের একাধিক পোস্ট অফিস (Post Office)-এও পরপর হুমকি চিঠি পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। সম্প্রতি কলকাতার পাসপোর্ট অফিস (Passport Office)-এও একই ধরনের আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে তখন গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়েছিল।
নতুন করে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে এই হুমকি চিঠি শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ সূত্রে খবর, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।