এই পদত্যাগ নিয়ে এত আলোচনার মূল কারণ - স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনও উপ রাষ্ট্রপতি আচমকা পদত্যাগ করলেন।

জগদীপ ধনকড় এবং বিমান বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 23 July 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: উপ রাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড় (Jagdeep Dhankad) ইস্তফা দেওয়ার ঘটনায় বাংলা তথা জাতীয় রাজনীতি তোলপাড়। প্রাথমিকভাবে জানা গেছে, অসুস্থতার কারণে পদত্যাগ (Resignation) করেছেন তিনি। কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সন্দেহ - অন্য কোনও ব্যাপার রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তো সরাসরি 'গড়বড়ের' কথা বলেছেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়েরও (Biman Banerjee) কার্যত তাই-ই মনে হয়।
জগদীপ ধনকড়কে ফোন করেছিলেন বিধানসভার (Bidhansabha) অধ্যক্ষ। সংবাদমাধ্যমে তিনি জানান, ''উনি সুস্থই আছেন। আমি ফোন করেছিলাম। সরাসরি কথা হয়নি। ওঁর সেক্রেটারি ফোন ধরেছিলেন। আমাকে বললেন, উনি বিশ্রাম নিচ্ছেন, পরে আপনার সঙ্গে কথা বলবেন। তারপর আর যোগাযোগ হয়নি।'' তাঁর পদত্যাগের কারণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তাতেও আমল দিয়েছেন বিমান। তাঁর স্পষ্ট কথা, ''কী কারণে উনি পদত্যাগ করলেন, সেটা তিনিই বলতে পারবেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে অন্য কোনও বিষয় থাকতেই পারে।''
এই পদত্যাগ নিয়ে এত আলোচনার মূল কারণ - স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনও উপ রাষ্ট্রপতি আচমকা পদত্যাগ করলেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ধনকড়ের পদত্যাগের নেপথ্যে শুধুই কি শারীরিক কারণ, নাকি এর পেছনে আছে অন্য কোনও রাজনৈতিক চাপ রয়েছে। সবথেকে বেশি মতান্তর ও সংঘাতের ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্টে। সেখানে তিনি লিখেছেন, 'ধনকড়জি বহু সুযোগ পেয়েছেন।' এতেই বিশেষজ্ঞ মহলের মনে হয়েছে, ধনকড়ের সঙ্গে মোদী তথা সরকারের শীর্ষ নেতৃত্বের বড় কোনও সংঘাত না হলে এ ধরনের কথা আসতে পারে না।
অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্টত দাবি করেন, উনি (ধনকড়) সুস্থই আছেন। এর মধ্যে কিছু গড়বড় নিশ্চয়ই আছে। এখন দেখা গেল বিমানের কথাতেও সেই একই সুর। এখন সত্যিই জগদীপ ধনকড় সুস্থ নাকি, তাঁর শারীরিক কোনও সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন, তা একমাত্র বলতে পারেন দেশের সদ্য পদত্যাগী উপ রাষ্ট্রপতিই।