নাসির খান নামে ভারতীয় পাসপোর্ট দেখিয়েছিলেন ওই ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব ঠিকঠাক মনে হলেও পাসপোর্ট ভেরিফিকেশনেই ফাঁস হয়ে যায় আসল পরিচয়।

ধৃত ব্যক্তি।
শেষ আপডেট: 18 November 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভারতীয় পাসপোর্ট নিয়ে (Fake Passport) দেশ ছাড়তে গিয়ে আটক এক আফগান নাগরিক। সোমবার গভীর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অভিবাসন দফতরের (Kolkata Airport) চেকিংয়ে ধরা পড়ল একের পর এক অসঙ্গতি।
নাসির খান নামে ভারতীয় পাসপোর্ট দেখিয়েছিলেন ওই ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব ঠিকঠাক মনে হলেও পাসপোর্ট ভেরিফিকেশনেই ফাঁস হয়ে যায় আসল পরিচয়। অভিবাসন আধিকারিকদের হাতে থাকা তথ্য জানায়—আফগানিস্তানে এই ব্যক্তির নামে রয়েছে লুকআউট নোটিস!
পরে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কলকাতার বউবাজার চত্বরে থাকতেন। শুধু ভারতীয় পাসপোর্টই নয়, তাঁর কাছে ছিল একাধিক আফগান পাসপোর্টও। একটিতে নাম এ বি ওয়াহাব, আর অন্যটিতে ওয়াশিম আহমেদ নাসির আহমেদ। সবক’টিই নথিভুক্ত, আর সবক’টির সঙ্গেই যোগ রয়েছে সন্দেহজনক তথ্যের। পুলিশ সূত্রের খবর, তিনি কাবুলের বাসিন্দা।
অভিবাসন দফতর থেকে তাঁকে বিধাননগর কমিশনারেটের এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয়। তদন্তকারীরা মনে করছেন, ভুয়ো পরিচয়পত্র বানানো থেকে শুরু করে একাধিক পাসপোর্ট ব্যবহার—সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ের নথি জালিয়াতির সঙ্গে যুক্ত থাকতে পারেন ওই ব্যক্তি।
মঙ্গলবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়, এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার জটিলতা ও আন্তর্জাতিক যোগাযোগের সূত্র খতিয়ে দেখতেই হেফাজতের আবেদন করা হবে।
বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সংস্থার নজরদারি বাড়ার মাঝেই এমন ঘটনা সামনে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।