বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষের সুরে বলেন, “তৃণমূল করবে, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরবে না, তা কী করে হয়! সাধারণ মানুষের উপর অত্যাচার করার জন্যই তৃণমূলের অস্তিত্ব।”

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 25 October 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: নেতার দাদাগিরি! কালীপুজোর বিসর্জনের রাতে (Kalipuja Bisarjan) উত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati) বচসা গড়াল মারধরে। অভিযোগ, তৃণমূলের যুবনেতা (Tmc Leader) বুবাই মল্লিক পিস্তলের বাঁট দিয়ে এক যুবকের মাথায় আঘাত করে, আক্রান্তের মাথা ফেটে যায়। আক্রান্ত যুবককে বাঁচাতে গিয়ে জখম আরও তিনজন। চারজনই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বুবাইয়ের সঙ্গে আরও তিন তৃণমূল সমর্থক-সাগর, বান্টি ও কার্তিকের নাম অভিযোগে উঠে এসেছে।
সূত্রের খবর, শুক্রবার রাতের বিসর্জন শেষে বুবাই মল্লিক ও অন্যান্যরা ফিরে আসার সময় একটি ক্লাবের বাইরে দাঁড়ানো যুবকদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, প্রথমে গালিগালাজ করা হয়, এরপর আচমকা ইট ও বাঁশ দিয়ে পেটানো হয়। বুবাই মল্লিক পিস্তল দিয়ে মাথায় আঘাত করেছেন বলে অভিযোগ।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা নিরাপত্তার অভাবের কথা তুলে ধরছেন। বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষের সুরে বলেন, “তৃণমূল করবে, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরবে না, তা কী করে হয়! সাধারণ মানুষের উপর অত্যাচার করার জন্যই তৃণমূলের অস্তিত্ব।”
প্রসঙ্গত, এদিন পানিহাটিতে চাঁদা নিয়ো গোলমালের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ, ২০০০ টাকা চাঁদা চাওয়া হয় এবং প্রতিবাদ জানাতে গিয়ে এক দম্পতিকে আক্রান্ত করা হয়, এমনকী তাঁদের বাড়িঘরেও ভাঙচুর করা হয়।
দুটি ঘটনার জেরে পুজোর আবহের মধ্যে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনার পরিবেশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে এ ব্যাপারে শাসকদলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।