ঠিক সেই সময় বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একাধিক মন্তব্য করেন। তাঁকে বলতে শোনা যায়, ''ওকে এবারও হারাব। ও গুণ্ডা। বাবাকে চোর বলে।'' এরপরই তিনি উদয়ন গুহকে লক্ষ্য করে অশোভনীয় শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহ
শেষ আপডেট: 6 February 2026 12:44
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেট অধিবেশনের (State Budget Session) দ্বিতীয় দিনে কার্যত উত্তাল হয়ে উঠল বিধানসভা (Bidhansabha)। বাজেট বিতর্ক চলাকালীন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর (Ashok Lahiri) বক্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে একাধিকবার হস্তক্ষেপ করতে বাধ্য হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।
অশোক লাহিড়ী যখন বাজেট নিয়ে নিজের বক্তব্য পেশ করছিলেন, সেই সময় দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) একাধিকবার মন্তব্য করেন। এতে বক্তব্যে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ তুলে অশোক লাহিড়ী বক্তব্য থামিয়ে উদয়ন গুহর উদ্দেশে বলেন, “আপনি বলুন, ম্যায় হুঁ না।” এই মন্তব্যের পরই অধিবেশন কক্ষের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঠিক সেই সময় বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) একাধিক মন্তব্য করেন। তাঁকে বলতে শোনা যায়, ''ওকে এবারও হারাব। ও গুণ্ডা। বাবাকে চোর বলে।'' এরপরই তিনি উদয়ন গুহকে লক্ষ্য করে অশোভনীয় শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গে অধ্যক্ষ হস্তক্ষেপ করে ওই শব্দ ‘এক্সপাঞ্জ’ করার নির্দেশ দেন। তবে ততক্ষণে হাউসে শোরগোল ছড়িয়ে পড়ে এবং শাসক–বিরোধী বিধায়কদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও মন্তব্য শুরু হয়ে যায়।
এরপর অশোক লাহিড়ীর (Ashok Lahiri) বক্তব্য শেষ হওয়ার পর উদয়ন গুহ কিছু বলার জন্য উঠে দাঁড়ান। কিন্তু অধ্যক্ষ প্রথমে তাঁকে বক্তব্য রাখতে দেননি। সেই সময় অধ্যক্ষের তরফে প্রশ্ন করা হয়, “আপনার অসুবিধা কী? বারবার কেন এমন করছেন?” কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতি চলার পর শেষ পর্যন্ত অধ্যক্ষ উদয়ন গুহকে বক্তব্য রাখার অনুমতি দেন।
বক্তব্য রাখতে উঠে উদয়ন গুহ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আগের মন্তব্যের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই বিধানসভার বাইরে এই ধরনের মন্তব্য করে আসছেন, আর এদিন তা বিধানসভার ভিতরেই বলা হয়েছে। নিজের পারিবারিক পরিচয়ের প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, তাঁর বাবা ১৯৬২ সাল থেকে সাতবার বিধানসভার সদস্য ছিলেন এবং বাম দলে রাজনীতি করতেন। বাবার রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি সমালোচনা করেছেন বলেও জানান উদয়ন গুহ।
তবে একই সঙ্গে তিনি বলেন, তিনি তাঁর বাবার গর্বিত সন্তান - যেমন শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর সন্তান। উদয়ন গুহ আরও কটাক্ষ করে বলেন, শুভেন্দু অধিকারী নিজেকে ‘মোদীর সন্তান’, ‘প্রধানমন্ত্রীর সন্তান’ বলেও দাবি করেন।
এর পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী হাউসের মধ্যেই দাঁড়িয়ে বলেন, গতবার তিনি উদয়ন গুহকে পরাজিত করেছেন এবং এবারও হারাবেন। এই মন্তব্যের পর আবারও অধিবেশন কক্ষে চিৎকার–চেঁচামেচি শুরু হয়। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে ফের হস্তক্ষেপ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি সদস্যদের শান্ত থাকার নির্দেশ দেন এবং বিধানসভার শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। অধ্যক্ষের কড়া অবস্থানের পর শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং অধিবেশন ফের স্বাভাবিক ছন্দে ফেরে।