সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় (Jalpaiguri) বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় আহত খগেন মুর্মুকে সেখানেই ভর্তি করা হয়েছিল। রাজ্যপাল তাঁর খোঁজখবর নেওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করেন বলে সূত্রের খবর।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস
শেষ আপডেট: 7 October 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ সফরে (North Bengal Flood) গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। মঙ্গলবার মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে (Khagen Murmu) দেখতে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে যান তিনি। সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় (Jalpaiguri) বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় আহত খগেন মুর্মুকে সেখানেই ভর্তি করা হয়েছিল। রাজ্যপাল তাঁর খোঁজখবর নেওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করেন বলে সূত্রের খবর।
রাজ্যপালের মঙ্গলবারের কর্মসূচি অনুযায়ী, ময়নাগুড়িতে বন্যা ও বৃষ্টিবিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার কথা ছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই সফর বাতিল করতে হয়েছে তাঁকে। ঠিক কী কারণে অসুস্থ হয়েছেন, তা নিয়ে রাজভবনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে হার্টে ব্লকেজ ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা ২৩ দিন চিকিৎসাধীন থাকার পর মে মাসে তিনি হাসপাতাল থেকে রাজভবনে ফেরেন। প্রথমে তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হলেও পরে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রাজ্যপাল।
অন্যদিকে, বিজেপি সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর চোখের নীচের হাড়ে গুরুতর চোট লেগেছে এবং ভেঙে গিয়েছে হাড়ের একটি অংশ।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। পরিস্থিতি অনুযায়ী তাঁকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। পাশাপাশি, শিলিগুড়ির বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও।
এই ঘটনার জেরে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লা রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।
মঙ্গলবার একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মিরিক সফরে গিয়েছেন বন্যা-বিধ্বস্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনার জন্য, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি খগেন মুর্মুদের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
শুভেন্দুর বক্তব্য, “এত বড় হামলার পরেও কেন এখনও কাউকে গ্রেফতার করা হয়নি?” প্রয়োজনে এই ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজেপি সূত্রে খবর, সোমবারের হামলার ঘটনায় মোট আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তৃণমূল কংগ্রেসের দাবি, তদন্ত চলছে, এবং যথাযথ প্রমাণ মিললেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।