সুন্দরবনে বেড়াতে গিয়ে বিপত্তি। নিখোঁজ গড়িয়ার যুবক।

সুমন্ত পাল
শেষ আপডেট: 18 January 2026 14:39
দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনে ঘুরতে গিয়ে শনিবার রাতে মাতলার জলে তলিয়ে গেলেন যুবক। তিনি দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ২২ জন পর্যটকদের একটি ঘুরতে গিয়েছিল, তারই সদস্য ছিলেন ২২ বছরের সুমন্ত পাল। রাতে খাওয়া শেষে লঞ্চের সিঁড়ি দিয়ে নামার সময় ভারসাম্য হারান ও পরে যান বলে মনে করা হচ্ছে। এখনও খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ জানুয়ারি (January 16) গড়িয়া থেকে মোট ২২ জনের একটি পর্যটক দল সুন্দরবনের কৈখালি (Kaikhali) এলাকায় বেড়াতে যান। ওই দলে ছিলেন সুমন্তও। দু’দিন ধরে সুন্দরবনের বিভিন্ন জঙ্গল ও নদীঘেরা এলাকা ঘোরাঘুরির পর শনিবার সন্ধ্যায় দলটি ফের কৈখালিতে ফিরে আসে। তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা ছিল একটি লঞ্চেই। সেই লঞ্চটি তখন মাতলা নদীতে নোঙর করা ছিল।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রাত সাড়ে ১১টা নাগাদ লঞ্চে রাতের খাবার পরিবেশন চলছিল। সুমন্ত নিজের হাতে ভাতের থালা নিয়ে লঞ্চের উপরের তলা থেকে সিঁড়ি দিয়ে নীচে নামছিলেন। ঠিক সেই সময় ভারসাম্য হারান। মুহূর্তের মধ্যে লঞ্চের সিঁড়ি থেকে সরাসরি মাতলা নদীতে পড়ে যান। গভীর অন্ধকার আর প্রবল স্রোতের মধ্যে চোখের নিমেষে তিনি তলিয়ে যান জলে।
লঞ্চের চালক শুভেন্দু সরদার (Shubhendu Sardar) জানান, ঘটনার পরই তিনি এবং লঞ্চে থাকা আরও কয়েকজন নদীতে নেমে তল্লাশি শুরু করেন। কিন্তু মাতলার স্বাভাবিক প্রবল স্রোত ও রাতের অন্ধকারের কারণে কিছুই করা সম্ভব হয়নি। পর্যটন দলের সদস্য জয় সাহা (Joy Saha) বলেন, “আমরা সবাই গড়িয়ার বাসিন্দা। ২২ জন একসঙ্গে আনন্দ করতে এসেছিলাম। এমন ভয়াবহ ঘটনা ঘটবে, কল্পনাও করিনি।”
ঘটনার খবর সঙ্গে সঙ্গেই জানানো হয় বনদফতর (Forest Department) এবং কুলতলি থানাকে (Kultali Police Station)। রবিবার সকাল থেকে বনকর্মী ও পুলিশের যৌথ উদ্যোগে মাতলা নদীতে তল্লাশি শুরু হয়। তবে দুপুর গড়ালেও সুমন্ত পালের কোনও খোঁজ মেলেনি। নদীর চর, আশপাশের জলপথ-সব দিকেই খোঁজ চালানো হচ্ছে।
এই ঘটনায় নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। লঞ্চের চালক ও অন্যান্য যাত্রীদের জেরা করা হচ্ছে। ইতিমধ্যেই সুমন্তর পরিবারের কাছে দুঃসংবাদ পৌঁছেছে। ছেলের খোঁজে উৎকণ্ঠায় প্রহর গুনছেন পরিজনরা।