এই কর্মসূচির মাধ্যমে দলের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যাপারে এক মাস আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে বিজেপি। যার ফলে সংগঠনের নিচুতলা পর্যন্ত সক্রিয়তা বেড়েছে বলে দাবি নেতৃত্বের।

ভূপেন্দ্র যাদব-শমিক ভট্টাচার্য
শেষ আপডেট: 16 February 2026 13:52
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিজেপির আপাতত প্রচারের অভিমুখ কী হবে তা স্থির করতে গত শনিবার দীর্ঘ বৈঠকে বসেছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupendra Yadav )। প্রায় তিন ঘণ্টা ধরে সেই বৈঠকে ‘ন্যারেটিভ’ তথা ভাষ্য স্থির করা নিয়েই চর্চা হয়েছে। এবং তা স্থির করে ফেলার পরই এবার বাংলার প্রতিটি শক্তিকেন্দ্র এলাকায় ধারাবাহিক স্ট্রিট কর্নার মিটিংয়ের মাধ্যমে জনসংযোগ আরও জোরদার করতে চাইছে বিজেপি (BJP)। এই কর্মসূচির মাধ্যমে দলের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যাপারে এক মাস আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে বিজেপি। যার ফলে সংগঠনের নিচুতলা পর্যন্ত সক্রিয়তা বেড়েছে বলে দাবি নেতৃত্বের।
দলের সিনিয়র নেতৃত্বের উপস্থিতি ও দিকনির্দেশে পরিকল্পিত এই অভিযানে রাজ্যজুড়ে একটি সমন্বিত টিম গঠন করা হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে এবং রাজ্য সহ-সভাপতি অমিতাভ রায়ের সমন্বয়ে জেলা ও ডিভিশনভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। লক্ষ্য ছিল—বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করা।
এই উদ্যোগের ফলেই বিভিন্ন এলাকায় নতুন কর্মী ও তরুণ নেতৃত্ব উঠে আসছে বলে জানিয়েছে দল। স্থানীয় স্তরে নতুন বক্তা তৈরি হয়েছেন, যাঁরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। একই সঙ্গে আগে নিষ্ক্রিয় থাকা বহু কর্মীও আবার সংগঠনে সক্রিয় হয়েছেন বলেও রাজ্য নেতাদের দাবি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ১০ হাজার স্ট্রিট কর্নার মিটিংয়ের লক্ষ্য নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ৮,৩১৫টি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রযুক্তিগত কারণে কিছু সভার আনুষ্ঠানিক নথিভুক্তি না হলেও, প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি।
রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বাজার, বাসস্ট্যান্ডের মতো উচ্চ জনসমাগমের জায়গায় বিশেষভাবে এই সভাগুলি আয়োজন করা হয়েছে—যাতে বার্তা পৌঁছয় দূরদূরান্তের মানুষের কাছেও। বিজেপির মতে, এই ধারাবাহিক জনসংযোগ ও সংগঠন মজবুত করার প্রক্রিয়াই আগামী দিনে বাংলায় পরিবর্তনের ভিত গড়ে দেবে।