দু’মাস ধরে বাড়ি না ফেরা ছেলের খোঁজে সল্টলেকে অফিস পাড়ায় গেছিলেন বৃদ্ধ দম্পতি। সেক্টর ফাইভের কলেজ মোড়ে রাস্তা পার হওয়ার সময় ২১৫ নম্বর বাসের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ার।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 November 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: সেক্টর ফাইভের (Sector V) কলেজ মোড়। মঙ্গলবার অফিস টাইমে (office hours) চিরচেনা ভিড়, ব্যস্ততা আর যানজট। সেই ভিড়ের মধ্যেই দুর্ঘটনা, নিখোঁজ ছেলের খোঁজে আসা এক প্রৌঢ়াকে পিষে দিল বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আরতী দাস। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। স্বামীর সঙ্গে কলেজ মোড়ের কাছে দাঁড়িয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ২১৫ নম্বর রুটের (Bus Route 215) একটি বাস হাওড়া (Howrah) থেকে মহিষবাথানের (Mahisbathan) দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় কলেজ মোড়ের সামনে বাম দিকে ঘুরতে গিয়ে রাস্তার ধারে অপেক্ষায় থাকা আরতী দাসকে ধাক্কা মারে। তিনি রাস্তা পার হওয়ার জন্য সাইডে দাঁড়িয়েছিলেন। তাঁর স্বামীও পাশে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটির গতিবেগ (speed) বেশি ছিল। ফলে সামনে মানুষ পড়ে থাকলেও ব্রেক কষে নিয়ন্ত্রণে আনতে পারেননি চালক। চাকায় পিষ্ট হয়ে যায় আরতীর শরীর। স্থানীয়রাই দ্রুত তাঁকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে (Bidhannagar Hospital) নিয়ে যান। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে।
ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Electronics Complex Police Station) পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে দম্পতির আসা-যাওয়ার উদ্দেশ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস ধরে তাঁদের ছেলে বাড়িতে ফিরছিলেন না। কলেজ মোড়েই একটি তথ্য প্রযুক্তি কেন্দ্রের (IT centre) কর্মী তিনি। তাই ছেলের খোঁজে এদিন ওই এলাকায় এসেছিলেন তাঁরা। কিন্তু ঠিক কোন অফিসে ছেলে কাজ করেন, তা খুঁজে পাচ্ছিলেন না। বিভ্রান্ত, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন দম্পতি।
এলাকার বাসিন্দারা জানান, কলেজ মোড়ে দীর্ঘদিন ধরেই দ্রুতগতির বাস (high-speed bus) এবং আকস্মিক মোড় নেওয়া নিয়ে অভিযোগ রয়েছে। অফিস টাইমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বুধবারও সেকারণেই এমন হল।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাসের সিসিটিভি ফুটেজ (CCTV footage) সংগ্রহ করা হচ্ছে। অতি দ্রুত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।