‘ঈথা’ ছবির শ্যুটিং সেটে লাভনি নাচের দৃশ্য করতে গিয়ে গুরুতরভাবে আহত শ্রদ্ধা কাপুর।

শ্রদ্ধা কাপুর
শেষ আপডেট: 22 November 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকর-এর জীবনীর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে লক্ষ্মণ উটেকর পরিচালিত ছবি 'ঈথা'। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, যিনি শ্যুটিং চলাকালীন নাসিকে গুরুতরভাবে আহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনার কারণে ছবির শ্যুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।
'মিড-ডে'-এর সূত্র জানাচ্ছে, 'তামাশা সম্রাজ্ঞী' তরুণী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের চরিত্র ফুটিয়ে তুলতে শ্রদ্ধাকে ১৫ কিলোর বেশি ওজন বাড়াতে হয়েছে। লাভনি নৃত্য একটি দ্রুত লয়ের নাচ। নওভারি শাড়ি, ভারি গয়না এবং কোমরবন্ধনী পরে নাচের কিছু দ্রুত স্টেপ তোলার সময়ই দুর্ঘটনা ঘটে।
সেই সময় ভুলবশত বাঁ-পায়ে বেশি ভর দেওয়ায় শ্রদ্ধা ভারসাম্য হারিয়ে পড়ে যান। জানা যাচ্ছে, তাঁর বাঁ পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেলে চোট লেগেছে এবং একটি হাড়ও ভেঙে গিয়েছে।
দুর্ঘটনার পর শ্রদ্ধা মুম্বই ফিরে আসেন। রিপোর্ট অনুযায়ী, শ্যুটিং পুনরায় শুরু করার চেষ্টা হলেও কয়েকটি আবেগঘন দৃশ্য করার পরই শ্রদ্ধার ব্যথা আরও বেড়ে যায়। দু'দিন পর ব্যথা বাড়তে শুরু করলে শেষমেশ ছবির শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা ইউনিট। শ্রদ্ধা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত শ্যুটিং শুরু করা হবে না। যদিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও তাঁর শারীরিক অবস্থার কোনো আপডেট দেননি।
প্রসঙ্গত, মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকর ১৯৫৭ এবং ১৯৯০ সালে মহারাষ্ট্রের লোকনৃত্যে অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। ১ নভেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু হয়েছে, যা সোলাপুর, সাতারা ও কোলহাপুরেও চলার কথা।