অভিষেকের জন্য শাহরুখের সুপারহিট ছবি ছেড়ে দিয়েছিলেন ঐশ্বর্যা!

ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান
শেষ আপডেট: 22 November 2025 14:13
দ্য ওয়াল ব্য়ুরো: বিগত এক বছর ধরে বলিউড পাড়ায় জল্পনা চলছে যে, অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চন-এর দাম্পত্য সম্পর্ক নাকি ভাল যাচ্ছে না। বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ঐশ্বর্যার একটি পুরনো পদক্ষেপের কথা ভাইরাল হয়েছে, যা শুনে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, 'এত বড় স্বার্থত্যাগ কেন?'
বহু বছর আগে পরিচালক ফারহা খান তাঁর হাই-বাজেট ছবি 'হ্যাপি নিউ ইয়ার'-এর মুখ্য নারী চরিত্রের জন্য প্রথম অফারটি নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চনের কাছে। পরে সেই চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন।
কিন্তু ঐশ্বর্যা শেষ মুহূর্তে সেই অফারটি ফিরিয়ে দেন। এর কারণ হিসেবে তিনি যা বলেছিলেন, তা শুনে ভক্তরা অবাক।
ঐশ্বর্যা বলেছিলেন, "ওই ছবিতে আমি অভিষেকের বিপরীতে ছিলাম না। সেই কারণেই আর অফারটা নিইনি। অন্য কারও বিপরীতে আমায় কাস্ট করা হলে সেটা আমাদের (ঐশ্বর্যা ও অভিষেক) জন্য খুবই অদ্ভুত হত। সেই কারণেই ছবিটা ছেড়ে দিই।"
ঐশ্বর্যার এই সিদ্ধান্তের কথা জানার পর তাঁর ভক্তদের মন খারাপ। অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র স্বামীর কেরিয়ারকে অগ্রাধিকার দিতে গিয়ে এত বড় ছবি তিনি কেন ছেড়ে দিলেন?
একজন ভক্ত লিখেছেন, "আপনার জন্য খারাপ লাগছে। শুধুমাত্র স্বামীর কেরিয়ারকে ত্বরান্বিত করবেন বলে এত বড় সিদ্ধান্ত! মেনে নিতে পারলাম না।" আরেকজনের বক্তব্য, "কেন এত ত্যাগ? আপনার ত্যাগের মূল্য কি ওরা দিতে পেরেছে?"
ব্যক্তিগত জীবন এবং দাম্পত্য অশান্তির গুঞ্জন নিয়ে ঐশ্বর্যা বরাবরই চুপ থেকেছেন। তবে 'হ্যাপি নিউ ইয়ার'-এর মতো বড় ছবি শুধুমাত্র অভিষেকের জন্য ছেড়ে দেওয়ার পুরনো কাহিনি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।