দীর্ঘ টানাপড়েনের পর ফের একবার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে ‘আর্য সিংহ রায়’ ফেরার পর গত শুক্রবার জিতু ‘দ্য ওয়াল’-কে বলেন, “হ্যাঁ, কল টাইম পেয়েছি।

শেষ আপডেট: 22 November 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ টানাপড়েনের পর ফের একবার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে ‘আর্য সিংহ রায়’ ফেরার পর গত শুক্রবার জিতু ‘দ্য ওয়াল’-কে বলেন, “হ্যাঁ, কল টাইম পেয়েছি। ‘আর্য’ এতদিনে পুরুষ চরিত্রের মধ্যে এমন জায়গায় পৌঁছেছে, যা আমার জীবনের বড় প্রাপ্তি। লেখক, প্রযোজক, পরিচালক—এঁদের সবার পরিশ্রম আর সবচেয়ে বড় কথা, দর্শকের আর্শীবাদ—সবাইকে প্রণাম।” সঙ্গে যোগ করেন, তিনি নিজেও বললেন, “আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। আগের মতোই আপনাদের মনোরঞ্জন করার প্রতিশ্রুতি দিলাম।”
কিন্তু জিতু শুটিংয়ে ফিরলেও, নায়িকা দিতিপ্রিয়ার সঙ্গে যে সব মিটমাট হয়নি, তা স্পষ্ট হল আজ সকালে। পর্দার এই ফেরা, সোশ্যাল মিডিয়ার ঝড়কে থামাতে পারেনি। জিতুর অনুরাগীদের একের পর এক কটূক্তি, তির্যক মন্তব্য, তীব্র কটাক্ষের তীর এসে বিঁধতে থাকে দিতিপ্রিয়ার দিকে—যেন তিনিই দায়ী সব গণ্ডগোলের জন্য।
এমন ক্রমাগত আক্রমণ নায়িকার মনে এতটাই গভীর দাগ ফেলে যে তিনি কাজেই মন বসাতে পারছেন না। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এতটাই, যে শোনা যাচ্ছে—ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার কথাও নাকি ভাবছেন!
সবেমাত্র পাওয়া খবর আরও গুরুতর। দিতিপ্রিয়া নাকি নারী কমিশনের দ্বারস্থ হয়েছেন। আর্টিস্ট ফোরামেও লিখিত অভিযোগ করেছেন। মহিলা কমিশনের চেয়ারপার্সন, লীনা গঙ্গোপাধ্যায় জানান, “আমার কাছে পরামর্শ চেয়েছিল দিতিপ্রিয়া। বলেছি—মহিলা কমিশন কিংবা আর্টিস্ট ফোরামের দরজা সবার জন্যই খোলা। সমস্যার কথা জানানো একেবারেই তার অধিকার।”
শোনা যাচ্ছে, এরপর আর্টিস্ট ফোরামে লিখিতভাবে সমস্যার কথা জানান দিতিপ্রিয়া। সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ও তা স্বীকার করেছেন, “হ্যাঁ, দিতিপ্রিয়া লিখিতভাবে মেল করেছেন। এখনও দফতরে পৌঁছইনি, তাই বিস্তারিত জানা হয়নি।” গোটা ঘটনা নিয়ে দিতিপ্রিয়াকে ফোনে ধরার চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন তোলেননি।
আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না”—জিতুর এই আশাবাদী কথাই যেন উল্টো হয়ে ফিরে এল কি দিতিপ্রিয়ার সামনে। এবং সে কারণেই জনপ্রিয় নায়িকাকে মহিলা কমিশন পর্যন্ত যেতে হল?