ধারাবাহিকে যে এই প্রত্যাবর্তন, সেই জল্পনায় এবার শিলমোহর দিলেন অভিনেতা নিজে (Jeetu Kamal comeback in Chirodini Tumi Je Amar)।

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 21 November 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)-এ শেষমেশ থাকছেন জিতু-ই (Jeetu Kamal)। দর্শকের ভালবাসাতেই টেলিভিশনে ফিরলেন তাঁদের প্রিয় 'আর্য সিংহ রায়'। তবে তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে শুরুতে ব্যাপারটা কানাঘুষো পর্যন্তই ছিল, এই ব্যাপারে মুখ খুলতে চাননি অভিনেতাও।
যদিও গতকাল রাতেই খবর এসেছিল দ্য ওয়াল (The Wall)-এর কাছে, আবারও ফিরছেন জিতু কামাল (Jeetu Kamal comeback in Chirodini Tumi Je Amar)। ধারাবাহিকে যে এই 'মেগা' প্রত্যাবর্তন, সেই জল্পনায় এবার শিলমোহর দিলেন অভিনেতা নিজে।
জিতুর কথায়, ''হ্যাঁ, আমি আবার কল টাইম পেয়েছি। 'আর্য সিংহ রায়' বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এর পুরো ক্রেডিট তো লেখক, প্রযোজক, পরিচালকের আর সর্বোপরি আমার ভগবান - দর্শকের।''
সূত্রের খবর, অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে কথাবার্তা বেশ খানিকটা এগিয়েছিল প্রযোজনা সংস্থা। এদিকে দর্শক জিতুকেই ভালবাসা দিয়ে এসেছেন শুরু থেকে। তাই চ্যানেলের বরাবরই প্রথম পছন্দ ছিল জিতু।
অভিনেতা জানান, ''আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একই ভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করব বলে প্রতিশ্রুতিবদ্ধ হলাম।''
সূত্রের দাবি, দীর্ঘ মিটিং চলেছে, দিতিপ্রিয়া ও জিতু মুখোমুখি বসেওছিলেন। টেবিলের অন্য প্রান্তে ছিলেন এসভিএফ-এর দুই কর্ণধার - শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ টিমের বাকিরাও। কিন্তু সেই গুরুত্বপূর্ণ মিটিংয়েই নাকি জিতু অত্যন্ত গা-ছাড়া আচরণ করেন, বিশেষ কিছু না বলেই মিটিং থেকে বেরিয়ে যান।
আর সেখানেই চটে ওঠেন এসভিএফ কর্তারা। দিতিপ্রিয়া অবশ্য শান্তভাবেই পুরো আলোচনা শোনেন। এর পরই উপরমহল থেকে স্পষ্ট নির্দেশ আসে, জিতুর বদলি খোঁজা শুরু হোক ‘আর্য’ চরিত্রের জন্য।
প্রসঙ্গত, আর্য সিংহ রায়ের চরিত্র এমন এক জায়গায় পৌঁছেছিল, যেখানে দর্শকের আবেগ জড়িয়ে গভীরভাবে। সেই জায়গায় নতুন মুখকে মানুষ কতটা গ্রহণ করবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। টিআরপি-তেও যে বড়সড় ধাক্কা আসবে, তা বলাই যায়।
তবে শেষমেশ সব জল্পনা তুড়িতে উড়িয়ে ফিরলেন জিতু। অবশ্য বিনোদনের জগতের দুনিয়ায় স্ক্রিপ্টের পাশা যে কখন বদলে যায়... তা কে বলতে পারে!