অভিষেকের দাবি, “তখন ওরা পালানোর জায়গা পাবে না।”
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 15 January 2026 19:11
দ্য ওয়াল ব্যুরো: আইপ্যাক মামলায় (IPAC case) সুপ্রিম কোর্টে (Supreme Court) ইডি (ED) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসত্য তথ্য তুলে ধরেছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর ইঙ্গিত, আগামী দিনে আদালতেই প্রকৃত সত্য সামনে আনবে তৃণমূল।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “সুপ্রিম কোর্টকে যদি মিসগাইড করা হয়ে থাকে, তবে কিছু তথ্য পরবর্তী কালে আদালতেই তুলে ধরা হবে। সবটাই জনসমক্ষে আসবে। তারপর আদালতই ঠিক করবে।”
শীর্ষ আদালতে মামলার শুনানি প্রসঙ্গে তিনি বলেন, “হিয়ারিং এখনও শেষ হয়নি। আইনত মামলা চলবে। পরবর্তী শুনানির দিন আবার লড়াই হবে।”
আইপ্যাক মামলায় ইডির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর কটাক্ষ, “আইপ্যাকের নামে শুধু বাংলাতেই কেন রেড?” এরপরই আরও বিস্ফোরক মন্তব্য, রেড সংক্রান্ত কিছু তথ্য তাঁদের কাছে রয়েছে। সেই তথ্য সামনে এনে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। অভিষেকের দাবি, “তখন ওরা পালানোর জায়গা পাবে না।”
সাংবাদিকদের উদ্দেশে ইডির পাঞ্চনামা খতিয়ে দেখার পরামর্শ দেন তৃণমূল সাংসদ। অভিষেক বলেন,"যদি সত্যিই রেড চলাকালীন মুখ্যমন্ত্রী কোনও তথ্য সরিয়ে নিয়ে গিয়ে থাকেন, তা হলে ইডির পাঞ্চনামায় কী লেখা রয়েছে? সাংবাদিকদের বলব, খতিয়ে দেখুন! কিছু তথ্য আমাদের কাছেও আছে। সেগুলো আগামী দিনে সুপ্রিম কোর্টে তুলে দেওয়া হবে।”
ইডির মামলাগত তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর বক্তব্য, “২৪ ঘণ্টার মধ্যে এমন কী হল যে হাইকোর্টে মামলা করার পর আবার সুপ্রিম কোর্টে গেল ইডি? কেন হাইকোর্টেই নিজেদের মামলা শুনতে চাইল না তারা?”
উল্লেখ্য, গত সপ্তাহে কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির রেড চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ সরিয়ে নিয়ে গিয়েছেন—এই অভিযোগ ফের এদিন সুপ্রিম কোর্টে তোলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর দাবি, “এটি সরাসরি চুরির ঘটনা। এ ধরনের কাজ রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের অপরাধে মদত দেওয়ার বার্তা দেয়।” সেই যুক্তিতেই মেহতা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সাসপেনশনের আবেদন জানান। এব্যাপারে বলতে গিয়ে ইডির বিরুদ্ধে আগামী দিনে শীর্ষ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন অভিষেক।