বাড়ি থেকে বেরোনোর পর থেকেই সেই দুষ্কৃতীরা মহিলার পিছু নেয় এবং পরে একই ট্রেনে উঠে পড়ে (Dhauli Express train robbery attempt)।

আহত সরমা হাজরা
শেষ আপডেট: 23 November 2025 23:10
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেসে ভয়াবহ ছিনতাইয়ের চেষ্টা (Dhauli Express robbery attempt)! শেষ পর্যন্ত চরম দুর্ঘটনার শিকার হতে হল মহিলা যাত্রীকে (Dhauli Express robbery woman injured) । বালা ছিনতাই করতে গিয়ে দুষ্কৃতীরা তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারতেই কেটে যায় তাঁর ডান হাত। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক।
জানা গিয়েছে, আহত মহিলার নাম সরমা হাজরা। বাড়ি হাওড়ায়। তিনি ধৌলি এক্সপ্রেসে রৌরকেলা যাচ্ছিলেন। পুলিশ সূত্রে সংবাদ, অভিযুক্ত দুই দুষ্কৃতী টিকিয়াপাড়া বস্তির বাসিন্দা। বয়স ২২-২৩ বছর। বাড়ি থেকে বেরোনোর পর থেকেই সেই দুষ্কৃতীরা মহিলার পিছু নেয় এবং পরে একই ট্রেনে উঠে পড়ে।
পুলিশ জানিয়েছে, সরমা এবং তাঁর স্বামীর বিষ্ণুপুর যাওয়ার কথা ছিল। সেই মতো তাঁরা হাওড়া থেকে ট্রেনে ওঠেন, নামতে হতো খড়্গপুরে। তাঁর আগেই ঘটে দুর্ঘটনা।
ট্রেন পূর্ব মেদিনীপুরের ভোগপুরে ঢোকার পরেই শুরু হয় ছিনতাইয়ের চেষ্টা। মহিলার হাতে থাকা বালা জোর করে টানতে থাকে দুষ্কৃতীরা। সরমা হাজরা বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। ছিনতাই করতে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেন থেকেই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় তারা। সেখানেই কেটে যায় তাঁর ডান হাত।
এদিকে ট্রেন সোয়াদিঘি পেরোতেই অভিযুক্তরা চেন টেনে লাফ দিয়ে নেমে কোলাঘাট থানার ভোগপুর গ্রামে ঢোকে। কিন্তু স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। গণধোলাইয়ের পর দুই দুষ্কৃতীকে পাঁশকুড়া জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। সোমবার তাদের আদালতে তোলা হবে।
আহত মহিলাকে খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতায়। রেলের তরফে মহিলার চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য, এর আগেও চলন্ত ট্রেনে একাধিক ছিনতাই ও যাত্রীদের ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন স্টেশনে। আবারও সামনে এল সেই একই ভয়াবহ দৃশ্য।