নৈনিতালের গরমপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি প্রায় ৬০ মিটার খাদে পড়ে ৩ সরকারি শিক্ষক নিহত ও ১ জন গুরুতর আহত।

ফাইল চিত্র
শেষ আপডেট: 23 November 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় শনিবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সকলেই উত্তরাখণ্ডের আলমোরা জেলার সরকারি স্কুলের শিক্ষক (Government School Teachers) এবং তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাল্দওয়ানি যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নৈনিতাল জেলার গরমপানি (Garam Pani) এলাকায় খৈরনা-কাঞ্চিধাম রুটে রতিঘাটের কাছে একটি প্যাসেঞ্জার ভেহিক্যাল নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ মিটার গভীরে একটি খাদে পড়ে যায়।
নৈনিতালের পুলিশ সুপার (ক্রাইম) জগদীশ চন্দ্র জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে। এসডিআরএফ কর্মীরা চারজনকেই খাদ থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও, চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুসারে, নিহতরা হলেন সঞ্জয় বিষ্ঠ, সুরেন্দ্র ভান্ডারি এবং পুষ্কর ভাইসোরা। মনোজ কুমার নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের দেহ ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠানো হয়েছে এবং তাঁদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।