ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা রবিবার সাঙ্গলিতে সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দুপুরে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীদের নিয়ে হবে অনুষ্ঠান।

স্মৃতি মান্ধানা- পলাশ মুচ্ছল
শেষ আপডেট: 23 November 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের সাঙ্গলিতে (Sangli, Maharashtra) আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা এবং সাম্প্রতিক Women's ODI World Cup–জয়ী ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। বর সংগীত পরিচালক পলাশ মুচ্ছল (Palash Muchhal)।
বেশ কিছু দিন ধরে যে জল্পনা চলছিল, রবিবার তা বাস্তব রূপ পেতে চলেছে। জানা গিয়েছে, বিয়েটি হবে ছোটখাটো, সম্পূর্ণ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়ের উপস্থিতিতে। দুপুরবেলায় সম্পন্ন হবে মূল অনুষ্ঠান, বেশির ভাগ তারকা-দম্পতির ট্রেন্ড থেকে খানিক আলাদা পথেই হাঁটছেন স্মৃতি–পলাশ।
গত এক সপ্তাহজুড়ে চলেছে প্রি-ওয়েডিং অনুষ্ঠান (Pre-wedding festivities)। স্মৃতির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ছবি ও ভিডিওতে তাঁর চেনা-লাজুক পরিচয়ের বাইরেও নতুন এক স্বচ্ছন্দ অবতার দেখতে পেয়েছেন। গোটা অনুষ্ঠানেই কেবল পরিবার ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুই যোগ দিয়েছে।
দীর্ঘ দিনের সম্পর্কে ফিনিশিং লাইন টানছেন আজ
স্মৃতি ও পলাশের সম্পর্কের সূত্রপাত প্রায় ছ’বছর আগে। ২০১৯ সালে মুম্বইয়ের একদল সাধারণ বন্ধুর মাধ্যমেই প্রথম পরিচয়। একজন ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ, অন্যজন বলিউডের (Bollywood) সঙ্গীত পরিচালক- দু’জনেরই পেশা চূড়ান্ত ব্যস্ততার হলেও সম্পর্ককে তাঁরা প্রথম থেকেই রেখেছিলেন পর্দার আড়ালে। কোনও প্রচার নয়, কোনও জনসমক্ষে আড়ম্বর নয়, বরাবরই নিজেদের মতো করে এগিয়েছে এই সম্পর্ক।
একই সঙ্গে দু’জনেই নিজেদের পেশাগত যাত্রায় মন দিয়েছেন। স্মৃতি তখন নিজের ক্রিকেটে ক্রমশ শিখরে উঠছেন, পলাশও সঙ্গীত পরিচালনায় নতুন নতুন কাজে যুক্ত হচ্ছেন। তাই সম্পর্কটিকে তাঁরা স্থায়ী করার পথে মিডিয়া আলোচনার বদলে গুরুত্ব দিয়েছেন ব্যক্তিগত গোপনীয়তাকে।
২০২৪ সালের জুলাইয়ে পাঁচ বছরের সম্পর্ক পূর্তিতে প্রথমবার জনসমক্ষে আসে বিষয়টি। এক সরল সোশ্যাল মিডিয়া পোস্টেই তাঁরা ঘোষণা করেন সম্পর্কের বিষয়ে। এর পরে নানা অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেছে দু'জনকে, তবে কোনও দিনই অতিরিক্ত প্রচারমুখর হননিকেউই।
প্রস্তাবের মুহূর্তেই মিলেছিল ক্রিকেটীয় আবেগ
সম্প্রতি শেষ হওয়া Women's World Cup–এ স্মৃতির নজিরবিহীন পারফরম্যান্সের পর পলাশের আবেগঘন চমক আরও একবার আলোচনায় আসে। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) ভারতের জয়ের মাঠেই স্মৃতিকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে গিয়ে হাঁটু গেড়ে প্রস্তাব দেন পলাশ। স্মৃতিও সেই মুহূর্তে ইতিবাচক উত্তর দেন। পরে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
পলাশের হাতে স্মৃতির নামের আদ্যক্ষর এবং তাঁর জার্সি নম্বর ‘SM18’-এর ট্যাটু (Tattoo) আরও এক দৃষ্টান্ত তৈরি করে- যা ভক্তদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়।
সাঙ্গলিতে শেষ পর্ব
আজ সাঙ্গলিতে মান্ধানা পরিবারের বাসভবনে হবে বিয়ে। ঘনিষ্ঠ মহল, সীমিত আচার, মিডিয়ার প্রবেশ নিয়ন্ত্রিত, ছোট পরিসরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার ও বলিউডের তরুণ সুরকার।
দু’জনের যাত্রা কোথায় পৌঁছয় সে ভবিষ্যতের কথা। তবে আজকের সাঙ্গলির আয়োজন যে ক্রিকেট দুনিয়া ও বিনোদন জগত, দু’দিকেই আগ্রহের কেন্দ্র, তা বলাই যায়।