ফিরহাদের কথায়, “বাঙালির রক্তে স্বাধীনতা এসেছে। সেই বাঙালিকেই বলা, তোমার প্রুফ নেই, তুমি ভারতীয় নও, এটা অন্যায়, এটা পাপ।”
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 30 January 2026 13:36
দ্য ওয়াল ব্যুরো: আনুষ্ঠানিকভাবে এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু এসআইআরকে (SIR) কেন্দ্র করে রাজনীতির ময়দানে যে ভোটের দামামা বেজে উঠেছে, তা আর গোপন নেই। সেই আবহেই শুক্রবার রাতে কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার বারাসত ও উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। যদিও শাসকদল এই সফরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। বরং শাহের আগমন ঘিরে তীব্র কটাক্ষ শোনা গেল রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায় ( Firhad Hakim)।
শুক্রবার অমিত শাহের সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, “অমিত শাহ আসছে না তো যেন গব্বর সিং (Gabbar Singh) আসছে! কে অমিত শাহ? ভয়ের কী আছে? বাঙালি ভয় পেতে পারে না, মাথা নিচু করতে জানে না। যত অত্যাচারই হোক, বাঙালি লড়াই করবে।”
এখানেই না থেমে মুখ্যমন্ত্রীকে বাঘিনীর সঙ্গে তুলনা করে ফিরহাদ বলেন, “অমিত শাহ আসবেন, যাবেন, কিছু যায় আসে না। মহারাষ্ট্রে, দিল্লিতে, বিহারে ওদের ফন্দি টিকলেও বাংলায় টিকবে না। কারণ বাংলায় এক বাঘিনী (Tigress, West Bengal) আছে, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)!”
এদিন গান্ধীজীর তিরোধান দিবসে আলিপুর মিউজিয়ামে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানান ফিরহাদ। জাতীয় পতাকা উত্তোলনের পর সেখান থেকেও শাহ-সফর নিয়ে আক্রমণ শানান মেয়র।
এসআইআর ইস্যুতে কেন্দ্র ও কমিশনকে এক বন্ধনীতে রেখে ফিরহাদের স্পষ্ট বার্তা, একটিও প্রকৃত ভোটারের নাম বাদ গেলে, সেই ‘অগণতান্ত্রিক’ এসআইআর-এর বিরুদ্ধে রাজপথে নামবে বাংলা। বলেন, “আমরা সহিষ্ণুতার পথে চলি মানে আমরা দুর্বল নই।"
প্রশ্ন তোলেন, “যাঁরা ফুটপাতে থাকেন, কাগজপত্র নেই—তাঁরা কি দেশের নাগরিক নন? তাঁদের ভোটাধিকার যদি ভুল হয়, তবে যে সরকার নির্বাচিত হয়েছে সেটাও তো ভুল!”
অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের দিকে আঙুল তুলে ফিরহাদ বলেন, বাংলাদেশ থেকে কারা আসছেন তা দেখার দায়িত্ব বিএসএফ ও স্বরাষ্ট্রমন্ত্রকের। তার দায়ে হাজার হাজার বাঙালি ভারতবাসীকে হেনস্থা করা অন্যায়। ফিরহাদের কথায়, “বাঙালির রক্তে স্বাধীনতা এসেছে। সেই বাঙালিকেই বলা, তোমার প্রুফ নেই, তুমি ভারতীয় নও, এটা অন্যায়, এটা পাপ।”
রাজ্য-রাজনীতির পাশাপাশি দিল্লির ঘটনাও তুলে আনেন মেয়র। দিল্লিতে নাবালিকা ধর্ষণের প্রসঙ্গে তাঁর মন্তব্য, “এটা ভয়ংকর অন্যায়। সামাজিক ব্যাধি। কঠোর হাতে দমন করা দরকার।” সঙ্গে কটাক্ষ, “দিল্লিতে তো বিজেপির রাজ, অমিত শাহের প্রশাসন!”